যুক্তরাষ্ট্রের চলমান মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। সিনেটের নিয়ন্ত্রণ অর্জনের লক্ষ্যে ডেমোক্র্যাটদের জন্য এই জয়কে একটি বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে মধ্যপন্থি রাজনীতিক কুপার অঙ্গরাজ্যটির গভর্নরের দায়িত্ব পালন করেছেন দুই মেয়াদে।
২০০৮ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সময় নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছিলেন। সেই ঘটনার পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী অঙ্গরাজ্যটির দুটি সিনেট আসনের একটিতে জয়ী হলেন। কুপার এই আসনে বিদায়ী রিপাবলিকান সিনেটর থম টিলিসের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিতি পাওয়া টিলিস এর আগে তৃতীয় মেয়াদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
নর্থ ক্যারোলাইনার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে কুপারের এই জয় ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০১৬ সালের পর থেকে অঙ্গরাজ্যটির ভোটাররা প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে অল্প ব্যবধানে সমর্থন জানিয়ে আসছিল।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষে দেশজুড়ে ভোট গণনা শুরু হয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা ৮৫টি আসন নিশ্চিত করেছে এবং ১১৪টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, রিপাবলিকান পার্টির প্রার্থীরা ৪৬টি আসন নিশ্চিত করে ৮৫টি আসনে এগিয়ে রয়েছে।
উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে বর্তমানে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিনেটের ফলাফলে এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টি ৪৫টি আসন নিশ্চিত করেছে এবং ৭টিতে এগিয়ে আছে। বিপরীতে রিপাবলিকানরা ৩৬টি আসন নিশ্চিত করার পাশাপাশি ৭টিতে এগিয়ে আছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজনীয় আসন সংখ্যা ৫১টি। এছাড়া দেশটিতে ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।




