শেয়ারবাজার বা পুঁজিবাজার মূলত আপনার নিজের উদ্বৃত্ত মূলধন বিনিয়োগের জায়গা। দৈনন্দিন বা মাসিক ব্যয় নির্বাহের পর যে অর্থ বাড়তি থাকে, সেটিই বিনিয়োগের জন্য আদর্শ। ব্যক্তিগত প্রয়োজনে বড় কোনো প্রভাব পড়বে না—এমন অর্থই কেবল শেয়ারবাজারে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা উচিত। সাধারণত কেউ সংসার চালাতে বা ব্যাংকে টাকা জমাতে ঋণ নেয় না, তাই শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ঋণ নেওয়াও যৌক্তিক নয়।
ঋণ করে বিনিয়োগ করলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঋণের সুদ পরিশোধ করা। আপনি যখন মুনাফার আশায় বাজারে আসেন, তখন সেই মুনাফার একটি বড় অংশ যদি ঋণের সুদ মেটাতেই চলে যায়, তবে বিনিয়োগটি আর লাভজনক থাকে না। শেয়ারবাজারে বিনিয়োগে লাভের যেমন সম্ভাবনা থাকে, তেমনি পুঁজি হারানোরও আশঙ্কা থাকে। যদি বিনিয়োগ থেকে লাভ না হয়, তবে ঋণের সুদ পরিশোধের দায় তখন বিশাল বোঝা হয়ে দাঁড়াবে।
আমাদের শেয়ারবাজারে এমন অনেক কোম্পানি আছে, যেগুলোর গত ৫ থেকে ১০ বছরের শেয়ারের দাম বিশ্লেষণ করলে দেখা যাবে বাজারে এসব শেয়ারের দাম নির্ধারিত একটি সীমার মধ্যে ওঠানামা করে। ভালো মানের এসব কোম্পানিতে বিনিয়োগ করলে আপনার পুঁজির পুরোটা কখনো হারিয়ে যাবে না। তবে ভালো শেয়ার কম দামে কিনেও খুব বেশি লাভের মুখ দেখবেন না যদিও আপনি ঋণ করে বিনিয়োগ করেন। কারণ, আপনার লাভের একটি অংশ ঋণের সুদ পরিশোধেই চলে যাবে। প্রবাদ আছে, ‘লাভের গুড় পিঁপড়ায় খায়’; শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে আপনার ক্ষেত্রেও প্রবাদটি সত্যি হয়ে উঠতে পারে।
শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরাসরি ঋণ দেয় না। ব্যক্তিগত ঋণ, পরিবার-পরিজনের কাছ থেকে ধার করা বা ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে শেয়ারের বিপরীতে ঋণ নেওয়া যায়। এসব প্রতিষ্ঠান ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রচলিত সুদে টাকা এনে তার সঙ্গে বাড়তি সুদের হার যোগ করে আপনাকে ঋণ দেয়। অর্থাৎ শেয়ারবাজারে ঋণের সুদ প্রচলিত সুদের হারের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি, এটি ১৫ থেকে ২০ শতাংশের কম নয়। এখন প্রশ্ন হচ্ছে ১৫ থেকে ২০ শতাংশ সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করে আপনি যদি মুনাফা করতে চান, তাহলে আপনাকে কত হারে মুনাফা করতে হবে? আপনার কাঙ্ক্ষিত মুনাফা করতে হলে নিশ্চয় সেটি ২৫ থেকে ৩০ শতাংশের কাছাকাছি বা বেশি হতে হবে। কিন্তু এটি কতটা বাস্তবসম্মত?
ধরা যাক, আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলেন ঋণ করে। আর আরেকজন নিজের পুঁজি থেকে এক লাখ টাকা বিনিয়োগ করলেন। আপনারা দুজনই একই শেয়ার কিনলেন, একই দামে। ধরা যাক, সেই দাম ১০০ টাকা। এখন ওই শেয়ারের দাম বেড়ে যদি ১১০ টাকা হয়, তাহলে যিনি ঋণ ছাড়া বিনিয়োগ করেছেন তার মুনাফা হলো ১০ টাকা। আপনারও তা-ই। কিন্তু আপনি এই মুনাফায় ঋণের সুদই পরিশোধ করতে পারবেন না। অন্যদিকে যিনি ঋণ ছাড়া বিনিয়োগ করেছেন, তিনি শেয়ারের দাম ১০ টাকা বাড়লে বিক্রি করে দিয়ে ১০ টাকা মুনাফা হিসেবে তুলে নিতে পারবেন। হিসাবটি নিজেই মিলিয়ে দেখুন। এ জন্যই বলা, শেয়ারবাজারে খুব দক্ষ বা অভিজ্ঞ না হলে ঋণ করে বিনিয়োগে যাবেন না। বড় পুঁজি সব সময় ছোট পুঁজিকে খেয়ে ফেলে। তাই ঋণ করার আগে পুঁজির ভিত্তি মজবুত করুন, তারপর ঋণ করে বিনিয়োগের কথা ভাববেন।




