ইউক্রেনের প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তি খাতে ফরাসি কোম্পানিগুলোর বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ৪৮০ মিলিয়ন ইউরোর বেশি অর্থায়ন সক্রিয় করার একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের ‘ইউক্রেন ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক’-এর আওতায় গৃহীত এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার (৩ নভেম্বর) প্যারিসে। ফ্রান্সের রাষ্ট্রীয় বিনিয়োগ ব্যাংক বিপিফ্রঁস এবং ইউরোপীয় কমিশন যৌথভাবে এই উদ্যোগের কথা জানিয়েছে। এর মূল লক্ষ্য হলো ইউক্রেনে ফরাসি কোম্পানিগুলোর বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং দুই দেশের মধ্যে শিল্প ও প্রযুক্তিগত সম্পর্ক জোরদার করা।
বিপিফ্রঁসের তথ্য অনুযায়ী, এই অর্থায়নের পুরোটাই সরাসরি অনুদান নয়। এই কর্মসূচির আওতায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ১৫০ মিলিয়ন ইউরোর গ্যারান্টি প্রদান এবং বছরে ১৩ মিলিয়ন ইউরো অনুদানের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট অর্থায়ন ঋণ, বীমা ও বিনিয়োগ সহায়তার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে। বিপিফ্রঁসের অর্থায়ন, রপ্তানি বীমা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট সহযোগিতার মাধ্যমে ইউক্রেনে ব্যবসা করতে আগ্রহী ফরাসি প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি কমানোর পরিকল্পনাও রয়েছে।
এই কর্মসূচির অধীনে আগামী তিন বছরে ইউক্রেনের প্রতিরক্ষা প্রযুক্তি খাতের নবীন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফরাসি কোম্পানিগুলোর ৩০টি অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিপিফ্রঁসের আন্তর্জাতিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘ইউরোকুইটি’র সহায়তায় দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে যৌথ প্রযুক্তি উন্নয়ন ও শিল্প প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এতে ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক সুরক্ষা ব্যবস্থা, মহাকাশ প্রযুক্তি, যোগাযোগ ও নেভিগেশন সিস্টেম এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনের মতো কৌশলগত খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি ও শিল্প সরঞ্জাম খাতেও সহযোগিতার সুযোগ রাখা হয়েছে, যার অনেকগুলোই বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের প্রতিরক্ষা প্রযুক্তি শিল্প দ্রুত সম্প্রসারিত হয়েছে, যা ইউরোপীয় দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিপিফ্রঁস জানিয়েছে, ইউরোপীয় কমিশনের অভ্যন্তরীণ পরামর্শ প্রক্রিয়া এবং চুক্তিসংক্রান্ত নথিপত্র চূড়ান্ত হওয়ার পরই এই উদ্যোগটির আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এই কর্মসূচির মাধ্যমে ইউক্রেনের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ইউরোপের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে দেশটির সংযোগ আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।




