মিজবাউল হক, চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় টাকার জাল নোট তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এসময় ঘটনাস্থল বেশকিছু সরঞ্জামাদি সহ দুইজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার আব্দুর রহমানের ছেলে মো. সুলতান (৫৪) এবং ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সবুজ ছায়া এলাকার মৃত মীর আহমেদের ছেলে জাফর আলম (৩৩)। আ. ম. ফারুক বলেন, কক্সবাজারের বিভিন্ন এলাকায় কারখানা স্থাপন করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা জাল টাকার তৈরীর খবর পান র্যাব।
গত মঙ্গলবার বিকালে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় গোপন কারখানা স্থাপন করে চক্রটির কতিপয় লোকজন জাল টাকার নোট তৈরীর খবরে র্যাবের একটি দল অভিযান চালায়।
এতে সন্দেহজনক কারখানাটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাওয়া যায় জাল নোট তৈরীর ১০০০ হাজার টাকা মানের ২৭টি বান্ডিল ও ৫০০ টাকা মানের ৩৩টি বান্ডিল, জাল নোট তৈরীর ১টি যন্ত্র এবং ৫০টি লেমেন্টিং পেপার।
র্যাব-১৫ এর গণমাধ্যম কর্মকর্তা আরও বলেন, আটকরা চিহ্নিত অপরাধী চক্রের সদস্য। আটকদের মধ্যে মো. সুলতানের বিরুদ্ধে জাল নোট তৈরীর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।




