হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ দীপাবলি উপলক্ষে জয়পুরহাটে মুখরিত ও আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদীপ, মোমবাতি, রঙিন বৈদ্যুতিক বাতির আলো এবং আতশবাজির বর্ণিল ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সর্বজনীন আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রদীপের এ উৎসব।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে শহরের মারওয়ারী পট্টি, কাশিয়াবাড়ি, চিত্রাপাড়া, সবুজনগর ও বাড়িধারাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উৎসবের নানা আয়োজন। দীপাবলি ঘিরে বিভিন্ন মন্দির, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। কোথাও প্রদীপ ও মোমবাতির সুবিন্যস্ত সারি, আবার কোথাও মোটর বাতির মনোহর আলোয় মনোরম পরিবেশের সৃষ্টি হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে ফোটানো হয় হরেক রকমের আতশবাজি। বিশেষ করে মারওয়ারী পট্টি এলাকার মন্দির ও আশপাশের স্থাপনাগুলোতে চোখধাঁধানো আলোকসজ্জা নজর কেড়েছে।
সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গেই শহরের আলোকসজ্জিত এলাকাগুলোতে বাড়তে শুরু করে দর্শনার্থীদের ভিড়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ রাস্তায় নেমে দীপাবলির শুভ আনন্দ উপভোগ করেন। সনাতন ধর্মাবলম্বীরা নিজ নিজ পরিবার নিয়ে ঘরবাড়ি ও মন্দির সাজিয়েছেন এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসব উদযাপন করেন। পুরো শহরজুড়ে দীপাবলিকে কেন্দ্র করে এক ধরনের সার্বিক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
ধর্মীয় বিশ্বাসের বিধান অনুযায়ী, দীপাবলি মূলত অন্ধকারের বিরুদ্ধে আলোর, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির এবং অসত্যের ওপর সত্যের বিজয়ের প্রতীক হিসেবে গণ্য হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, মোমের আলো জ্বালিয়ে ঘরের ভেতরের অন্ধকার দূর করার মতোই জীবন থেকে দুঃখ-কষ্ট তাড়িয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব।




