রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, টিএসসি এলাকা, জগন্নাথ হলের সামনের এলাকা এবং শাহবাগে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসিতে ককটেলগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
ঘটনার সময় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ লোকজন দুজনকে আটক করেন। উপস্থিত জনতা তাদের মারধর করে পুলিশে সোপর্দ করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা দুজনকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যান এবং পরে পুলিশকে খবর দেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।




