সীতাকুণ্ড প্রতিনিধি: চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন সীতাকুন্ডের ছেলে সালমান সরোয়ার সামি (২৬)। ছেলের চিন্তায় বাংলাদেশে বিনিদ্র রাত কাটাচ্ছেন মা-বাবা। জাহাজটিতে চতুর্থ ইন্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন সালমান সরোয়ার। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী গ্রামের মাহফুজুল হকের ছেলে। আটকে পড়া জাহাজে থাকা সব বাংলাদেশীদের নিরাপদে দেশে ফেরাতে প্রধানমনত্রী, নৌ-পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান তার মা।
সালমান সরোয়ারের মা ভাটিয়ারী টিএসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ছেমন আরা বেগম জানান, গত ২০ ফেব্রুয়ারি তারিখে সালমান সরোয়ার চতুর্থ ইন্জিনিয়ার হিসাবে বাংলার সমৃদ্ধিতে যোগ দেন। গতকাল বুধবার রাত ১০ টায় ছেলের সাথে সবশেষ কথা হয় তার। এ সময় ক্ষেপনাস্ত্র হামলায় জাহাজটির তৃতীয় ইন্জিনিয়ার মারা গেলেও বাকিরা অক্ষত আছেন বলে মোবাইলে সালমান মাকে জানান।
ছেমন আরা বেগম বলেন, “আমার ছেলের মত মোট ২৮ জন বাংলাদেশী ইউক্রেনের বন্দরে ‘বাংলার সমৃদ্ধিতে’ আটকা পড়েছেন। অজানা উদ্বেগ ও আশংকায় আমাদের বিনিন্দ্র রাত কাটছে। আটকে পড়া বাংলাদেশীদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।” ইউক্রেনে যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। জাহাজে দুই নারীসহ ২৯ জন বাংলাদেশী ছিলেন। বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চতুর্থ ইন্জিনিয়ার বাংলাদেশের বরগুণার মোহাম্মদ হাদিসুর নিহত হন।




