নিজস্ব প্রতিবেদক: মাদকাসক্তকে সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্যই আত্মীয়-স্বজন শুভানুধ্যায়ীরা তাকে নিরাময় কেন্দ্রে পাঠান।অথচ সুস্থ হওয়া দূরে থাক, সেখানে গিয়ে মাদকাসক্ত ব্যক্তি মাদক সেবন, জুয়া খেলার আরো অনুকুল পরিবেশ পেয়ে যান। এমন পরিস্থিতিই যেন বাস্তবতা হয়ে উঠেছে মাদকসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে। চট্টগ্রামের আনাচে কানাচে গজিয়ে উঠা শত শত নিরাময় কেন্দ্র নিয়ে এমন অভিযোগ দীর্ঘদিনের।মাঝেমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন মাদকসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে অভিযান চালালেও নগরের অধিকাংশ কেন্দ্রই এখনো চোখের আড়ালে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
গতকাল ২ মার্চ রাতেও নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনির ২৭ নম্বর প্লটের একটি ভবনে অবস্থিত ‘নীল’ নামের একটি মাদকসক্তি নিরাময় কেন্দ্রে অভিযান চালায় বায়েজিদ থানা পুলিশ। এই নিরাময় কেন্দ্রের জুয়ার আসর থেকে পরিচালকসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চারজন হলেন- কেন্দ্রের পরিচালক ইমরান হোসেন মিলন (৩৭), লুৎফর রহমান (৪৯), মোহাম্মদ রাশেদ (৪৩) ও মোবারক হোসেন (৩৮)।
এই ব্যাপারে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মিলন নিয়মিত তার সহযোগীদের নিয়ে কেন্দ্রের ভেতরে জুয়ার আসর বসাতেন। তার ধারণা ছিল, মাদক নিরাময় কেন্দ্র হওয়ায় সেখানে পুলিশ যাবে না। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে জুয়া খেলার সময়ই চারজনকে গ্রেফতার করেছি। জুয়া খেলার তাস ও সাড়ে নয় হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ আদালতে হাজির করানো হয়েছে।




