সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক সরকারি স্কুলের সামনের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মির্জাখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি গত বুধবার প্রকাশ পায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মহামারি করোনা রোগের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার সুবাধে এলাকার একদল দুর্বৃত্ত বিদ্যালয়ের আঙিনা ও চারিদিকে থাকা বিভিন্ন প্রজাতির গাছগুলো কাঁটা শুরু করে। গত বুধবার বিদ্যালয় খুললে কর্মরত শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হলে দেখতে পান বিদ্যালয়ের সামনের গাছগুলো কাটা পড়ে আছে।
বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত আকারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযুক্তের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অছিয়র রহমান বলেন,বুধবার বিদ্যালয়ে এসে সামনের গাছগুলো কাঁটা অবস্থায় দেখে হতবাক হই।স্কুল দপ্তরির মাধ্যমে জানতে পারলাম, স্থানীয় মৃত আলতাফ মিয়ার ছেলে হারুনর রশিদ তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে
গাছগুলো কাটছে।এজন্য তাকে অভিযুক্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।কাটা গাছগুলোর আনুমানিক মুল্য ১৫ হাজার টাকা হবে।
অপরদিকে অভিযুক্ত হারুনর রশিদ বিদ্যালয়ের গাছ কাটার কথা অকপটে স্বীকার করে বলেন, গাছগুলো আমি কমিটি থেকে লিজ নিয়েছি।
সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব বিদ্যালয়ের গাছ কাটার ব্যাপারে একটি অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টির ব্যাপারে ব্যাবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগটি ফরোয়ার্ড করেছি এবং বিদ্যালয়ের দপ্তরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি।




