সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধের জের ধরে চাচার ধাক্কায় ড্রেনে পরে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার দেড় মাস পর বাক প্রতিবন্ধী ভাতিজা কাজী আশফাক (২২) মারা গেছেন। শুক্রবার (২৮ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে তিনি (আশফাক) মারা যান। আজ (শনিবার) লাশের ময়নাতদন্তের পর সন্ধ্যায় নামাজের জানাযা শেষে গ্রামের বাড়ি সাতকানিয়ায় তার দাফন সম্পন্ন হয়।
নিহত আশফাক সাতকানিয়া পৌরসভার উত্তর চরপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী আবু হানিফার ছেলে।
জানা যায়, ১২ মে বিকাল ৪ টায় জায়গা-জমির বিরোধ নিয়ে নিহত আশফাকের বাবা কাজী আবু হানিফার সাথে তার ভাই কাজী আবু শাহাদাত হোসেনের বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে আনু ফকিরের দোকানের সামনে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় চাচা শাহাদাত হোসেন তার আপন ভাতিজা আশফাককে ধাক্কা দিলে তিনি ড্রেনে পড়ে গুরুতর আহত হন । পরে স্থানীয়রা তাকে ড্রেন থেকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশফাকের বাম পায়ের উপরে এবং নিচের হাড় ভেঙে যায় বলে চিকিৎসক জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার দেড় মাসের মাথায় চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহত আশফাকের পিতা কাজী আবু হানিফা বলেন, ছেলের হত্যাকারী আমার আপন ভাই হলেও সে একজন জুলুমবাজ। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সে আমাকে এবং আমার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে এবং আমার ছেলেকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমি ছেলে হত্যার বিচার চাই।
এ ঘটনায় অভিযুক্ত চাচা কাজী আবু শাহাদাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোনে সংযোগ পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




