যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাবটি সরাসরি সাধারণ ভোটে না তুলে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির কাছে পাঠানোর পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। এই সিদ্ধান্তের ফলে হেগসেথকে অভিশংসনের প্রক্রিয়াটি আপাতত আটকে গেছে। দলীয় অবস্থানে থেকে ২১১-২০৪ ভোটে এই প্রস্তাবটি পাস হয়, যার ফলে বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেওয়া অভিশংসনের উদ্যোগটির ভবিষ্যৎ এখন ওই কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ আগামী জানুয়ারি পর্যন্ত রিপাবলিকানদের হাতেই থাকছে। ফলে বিচার বিভাগীয় কমিটি এই অভিযোগের বিষয়ে কোনো শুনানি করবে কি না, তদন্ত চালাবে কি না কিংবা প্রস্তাবটি পরবর্তী ধাপে নিয়ে যাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতেই রয়েছে। বর্তমান নেতৃত্বের অধীনে এই প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে আপাতত হেগসেথকে প্রতিনিধি পরিষদে কোনো তাৎক্ষণিক ভোটাভুটির মুখোমুখি হতে হচ্ছে না এবং সিনেটেও তাঁর অভিশংসন বিচার হওয়ার কোনো আশঙ্কা নেই।
তবে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এদিকে, এই ঘটনাকে নিজেদের জন্য ‘পূর্ণ বিজয়’ হিসেবে অভিহিত করেছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ভিত্তিহীন অভিশংসন প্রস্তাবগুলো বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য একটি পূর্ণ বিজয়। তিনি আরও আশা প্রকাশ করেন যে, সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে এবং এই প্রহসনমূলক অভিশংসন প্রচেষ্টার অবসান ঘটবে।
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৬: ৫৩আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭: ০৩




