দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গত দুই দিন ধরে সারা দেশে নজিরবিহীন সন্ত্রাস, নাশকতামূলক তৎপরতা ও অরাজকতা চলছে উল্লেখ করে এই বিষয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত বক্তব্য দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তব্যে তিনি অভিযোগ জানান, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে এবং বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আজ এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক বেশ কয়েকটি সহিংস ঘটনার উদাহরণ টেনে নাহিদ ইসলাম সংসদে বলেন, মৌলভীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালানো হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং রাজনৈতিক দল বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত সাত মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি নিয়ে তাঁরা কথা বলে আসছেন স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন সবার কাছে স্পষ্ট ও দৃশ্যমান হয়ে উঠেছে। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, নাগরিকদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সেই মাত্রার তৎপরতা দেখা যাচ্ছে না।
সংসদে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে প্রবেশ করছেন, রাজনৈতিক কর্মসূচি শেষ করে নির্বিঘ্নে আবার বিদেশে চলেও যাচ্ছেন। কীভাবে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
সংসদ সদস্যরা আশা করেছিলেন যে দেশের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে সার্বিক বিষয় অবহিত করবেন বা একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। তবে অধিবেশনের দ্বিতীয় দিন পার হলেও মন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা নজরদারি জোরদার এবং ভারতের সাথে কূটনৈতিক পদক্ষেপে সরকারের ব্যর্থতার বিষয়ে স্পষ্ট জবাবদিহি দাবি করেন তিনি। স্পিকারের মাধ্যমে অবিলম্বে সংসদে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ স্পষ্ট করার আহ্বান জানান বিরোধীদলীয় এই চিফ হুইপ।




