পেকুয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার আলোচিত হোছাইন হত্যা মামলায় আদালতে স্বাক্ষী দেওয়ার জেরে আসামি পক্ষের লোকজন মামলার অন্যতম স্বাক্ষী কবির হোসেন (৫৫) কে প্রকাশ্যে কুপিয়ে ও পিঠিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় কবির হোসেনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২০ জুন রাত ৮ঘটিকার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের টইটং বাজারে ঘটনাটি ঘটেছে। আহত কবির হোসেন টইটং ইউনিয়নের কাছারি পাহাড় এলাকার মৃত একরাম মিয়ার ছেলে। ঘটনার পর আহত কবির হোসেনের পুত্রবধু মর্জিনা আক্তার তামান্না বাদী হয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, বিগত ২০১৬ সালে টইটং এলাকায় আমির হোছাইন নামের এক যুবক হত্যাকান্ডের শিকার হন। এরপর নিহতের পরিবার পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় রুবেলসহ তার পরিবারের ৩/৪জনকে আসামী করা হয়। মামলার অন্যতম স্বাক্ষী হলেন কবির হোসেন (৫৫)। আমির হোসেন হত্যা মামলার আসামী মো. রুবেল হোসেন (২৫) এর নেতৃত্বে তার বাবা মুফিজুর রহমান (৫০), তার ছোট ভাই রকিবুল ইসলাম (২০)সহ ৮/৯ জনের একটি দল গত ২০ জুন রাতে হত্যা মামলার স্বাক্ষী কবির হোসেনকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করে একটি হাত বিচ্ছিন্ন করে দেয়।
কবির হোসেনের পুত্রবধূ মর্জিনা আক্তার তামান্না বলেন, আমার স্বামী মহিউদ্দিন বিদেশ থেকে আসার একমাস পর হোছাইন হত্যা মামলায় আমার শাশুড় কবির হোসেন স্বাক্ষী দিয়েছে উল্লেখ করে আমাদের পরিবারের কাছ থেকে রুবেল হোসেন মোটা অংকের চাঁদা টাকা দাবী করেন। ঘটনার দিন ওই দাবীকৃত টাকা টইটং বাজারে আবার চাইলে আমার স্বামী মহিউদ্দিন টাকা দিতে পারবে না বলে জানালে আমার স্বামীর ওপর হামলা করে। প্রাণ বাঁচাতে আমার স্বামী বাজারের একটি দোকানে আশ্রয় নেন। পরে স্বামীকে মারতে না পেরে রুবেলের নেতৃত্বে আমার শাশুড়কে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করে ডান হাত বিচ্ছিন্ন করে দেয়।
পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, আহত কবির হোসেন এর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গতকাল ২৬ জুন বিকালে হামলাকারী রুবেলসহ সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন আহত কবির হোসেনের ছেলে মহি উদ্দিন।
এসময় মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, আমির হোসেন হত্যা মামলায় আমার বাবা কবির হোসেন আদালতে সম্প্রতি সময়ে সত্য স্বাক্ষ্য দেওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন হত্যা মামলার আসামী রুবেল ও তার পরিবারের লোকজন। ঘটনার দিন আমার বাবা ও আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে হামলা করেছে। আমার বাবার হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার বাবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি এই নৃশংস ঘটনা বিচার দাবি করছি।




