জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন বা কপ-৩১-এ অংশ নেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার দিকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তুরস্কে পৌঁছানোর পরদিন বুধবার জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে সম্মেলনের সাইড লাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। তিন দিনের এই সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।




