বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার ঠিক পাশে এই বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের তীব্রতায় জানালার কাচ ভেঙে কাচের টুকরো ও ককটেলের গুঁড়া কক্ষের ভেতরে থাকা বিছানায় ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার সময় কক্ষে উপস্থিত না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক শিক্ষার্থী।
ঘটনার বিস্তারিত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ওই হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব। তিনি লেখেন, ‘সম্ভবত মৃত্যুর হাত থেকে বাঁচলাম। বুয়েটের আহসানউল্লাহ হলে রাত ১১টা ৪২ মিনিটে আমার জানালার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রুম নম্বর ১৩৭। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া আমার বিছানায় এসে পড়ে।’ একই সঙ্গে তিনি স্বস্তি প্রকাশ করে আরও উল্লেখ করেন, ‘একটু আগেও এই বেডে আমি বসে ছিলাম। আল্লাহ বাঁচালো।’
আকিব জানান, ককটেল বিস্ফোরণের সময় তিনি নিজে পাশের ১৩৪ নম্বর কক্ষে বন্ধু আদিবের সঙ্গে অবস্থান করছিলেন। ফলে অলৌকিকভাবে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যান তিনি। তবে ১৩৭ নম্বর কক্ষে থাকা অন্য দুই শিক্ষার্থী বিকট বিস্ফোরণের শব্দ, আগুনের ফুলকি এবং জানালার কাচ ভেঙে পড়ার দৃশ্যে তীব্র আতঙ্কিত হয়ে দ্রুত কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, আহসানউল্লাহ হল লক্ষ্য করে মোট তিনটি ককটেল নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় হলের চত্বরে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এদিকে বুয়েট হলে ককটেল বিস্ফোরণের ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলছেন। সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।




