জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আজ তুরস্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বর দেশটির আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে মূল ভাষণ প্রদান করবেন।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই সফরের প্রস্তুতি ও বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ক) এ কে এম শহীদুল করিম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত রয়েছেন।
সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের ব্যাপারে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান ও প্রত্যাশা ব্যক্ত করবেন। পররাষ্ট্র সচিব জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি। এ কারণে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযোজন অর্থায়ন ও উন্নত বিশ্বের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর করাকে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ নিজস্ব অভিজ্ঞতা ও অর্জন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরবে।
জলবায়ু সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের প্রস্তুতি চলছে। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু সহযোগিতা জোরদারের বিষয়গুলো প্রাধান্য পাবে।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, দুই দেশের সামগ্রিক সহযোগিতা নিয়ে আলোচনার সুযোগ থাকলেও বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত সাক্ষাতে নির্দিষ্ট কোনো চুক্তি বা প্রকল্প চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। একই কারণে জাপানি কনসোর্টিয়ামের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় তুর্কি প্রতিষ্ঠান 'চেলেবি'-এর আগ্রহ সম্পর্কিত প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা কম বলেও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক ফোরামে ক্ষয়ক্ষতি প্রাক্কলন তুলে ধরার বিষয়ে সচিব বলেন, ক্ষয়ক্ষতির হিসাব বৈশ্বিক আলোচনায় উপস্থাপনের ফলে আন্তর্জাতিক সমবেদনা ও সহযোগিতা পাওয়া সহজ হয়, যা বাংলাদেশের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে। এ ছাড়া পরিবেশ সুরক্ষায় পাটের ভূমিকা প্রচারে সম্মেলনের 'গ্রিন জোন'-এ একটি 'পাট প্যাভিলিয়ন' স্থাপন করা হচ্ছে। সফরকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের প্রচার ও ব্যবহার সংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর 'ব্লু জোন'-এ দুটি পৃথক সাইড ইভেন্ট আয়োজন করবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ লিঙ্গভিত্তিক ঝুঁকি এবং অপরটিতে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির সম্ভাবনা ও এ খাতের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে।
এবারের কপ৩১ সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনায় সহ-সভাপতির ভূমিকা পালন করছে। সম্মেলন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলো যৌথভাবে বাংলাদেশের অবস্থান নথিভুক্ত করেছে। পররাষ্ট্র সচিব আশাবাদ ব্যক্ত করেন, প্রধানমন্ত্রীর এই সফর আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।




