ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা কৃত্রিমভাবে বাড়িয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নষ্ট করার পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হাত রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলেছে প্যারিস। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত মাসে ঘটে যাওয়া এই সাইবার হামলাকে এর ব্যাপকতা ও আগ্রাসনের বিচারে সম্পূর্ণ নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ফরাসি ভূখণ্ডে এত বড় পরিসরে নাশকতামূলক সাইবার হামলা এটিই প্রথম, যা দেশটির জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তার ওপর সরাসরি ও গুরুতর আঘাত হেনেছে। তেহরানের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানাতে প্যারিসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ইতোমধ্যে তলব করেছে ফরাসি সরকার। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করতে প্যারিস যেকোনো প্রয়োজনীয় ও আনুপাতিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলেও স্পষ্ট করেন তিনি। যদিও তেহরান এখনও এ বিষয়ে কোনো অফিশিয়াল বক্তব্য দেয়নি, তবে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম ফ্রান্সের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ঘটনার আইনি তদন্ত প্রসঙ্গে প্যারিসের সরকারি কৌঁসুলি লর বেকুও জানান, আইআরজিসির ইলেকট্রনিক ও সাইবার কেন্দ্রের অধীনস্থ আক্রমণাত্মক ইউনিট 'শহিদ কাভেহ'-এর প্রধান এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, শহিদ কাভেহ নামের এই হ্যাকার গ্রুপটি সরাসরি ইরান সরকারের দিকনির্দেশনায় কাজ করে থাকে।
অনুসন্ধানে দেখা গেছে, গত ১১ অক্টোবর সাইবার হামলাকারীরা ডেনমার্কের বিখ্যাত প্রকৌশল প্রতিষ্ঠান 'ড্যানফস'-এর তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই সফটওয়্যার ব্যবহার করে দূর থেকেই সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা পরিচালনা করা যেত। সফটওয়্যারটি হ্যাক করে তারা ফ্রান্সের কোঅপারেটিভ ইউ-এর ১০০টির বেশি সুপারমার্কেট এবং ইন্টারমার্শে ও এর সহযোগী প্রতিষ্ঠান নেটোর প্রায় ১৮০টি দোকানে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এর বাইরে ক্যারফুর, মনোপ্রি ও ই. লেক্লের্কের মতো বড় বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানও হামলার শিকার হয়। সফটওয়্যারটির নিয়ন্ত্রণ নেওয়ার পর অনেক দোকানে ফ্রিজের তাপমাত্রা রাতারাতি বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে দোকানগুলোর বিপুল পরিমাণ হিমায়িত খাবার মুহূর্তেই পচে নষ্ট হয়ে যায়।
ফ্রান্সে এই নাশকতার পর চলতি মাসের শুরুতে ইউরোপের আরও কয়েকটি দেশে একই ধরনের হামলার দ্বিতীয় ঢেউ দেখা দেয়। সে সময় বেলজিয়াম ও লুক্সেমবার্গের শতাধিক দোকান আক্রান্ত হয়। এ ছাড়া সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের একাধিক দোকানও হ্যাকারদের নিশানায় পরিণত হয়। অন্যদিকে, গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাটিতে একইভাবে রহস্যজনকভাবে ফ্রিজ নষ্ট হয়ে প্রচুর খাবার পচে যাওয়ার ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটির ওই ঘটনাটিও কোনো পরিকল্পিত সাইবার নাশকতার অংশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিমায়িত ব্যবস্থা বিকল করার এই ধারাবাহিক হামলার পর হ্যাকারদের পরিচয় নিয়ে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে জোর আলোচনা শুরু হয়, যেখানে শুরু থেকেই সন্দেহভাজন হিসেবে ইরানের নাম উচ্চারিত হচ্ছিল। মাঝপথে গত বুধবার রাশিয়াপন্থী দুটি হ্যাকটিভিস্ট গোষ্ঠী নিজেদের এই হামলার মূল হোতা হিসেবে দাবি করলেও তদন্তকারীরা তাদের দাবি খুব একটা বিশ্বাসযোগ্য মনে করছেন না। সাইবার হামলার প্রকৃত উৎস গোপন করা তুলনামূলক সহজ হওয়ায় ফ্রান্স কীভাবে সুনির্দিষ্টভাবে ইরানকে দায়ী করল, সে বিষয়ে কারিগরি বিস্তারিত কিছু প্রকাশ করেনি ফরাসি সরকার। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত তীব্র হলে মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছিলেন অনেক ইরানি রাজনীতিক। তা সত্ত্বেও, আইআরজিসি সত্যিই এই সাইবার হামলায় জড়িত কি না এবং এটি তাদের আন্তর্জাতিক প্রতিরোধ কৌশলের অংশ কি না, তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।




