কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় ব্যানার, পোষ্টার ও ফেস্টুনে চেয়ে গেছে। যত্রতত্র পোষ্টার,ব্যানার ও অবৈধ দেয়াল লিখন, আবর্জনা, বৈদ্যুতিক তার, ভবন এবং যানবাহনের কারণে পর্যটন নগরী কক্সবাজারের পরিবেশ ভারসাম্যের পাশাপাশি সৌন্দর্য নষ্ট হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শহরে সড়কের মোড়ে মোড়ে ও সড়কের দু’পাশে ঝুলছে রাজনৈতিক দলের ব্যানার, পোষ্টার ও বিজ্ঞাপনের বিলবোর্ড। এছাড়াও বিভিন্ন স্থাপনাতেও সম্প্রতি নানান ধরনের পোষ্টার, ব্যানার, অবৈধ দেয়াল লিখন, ফেস্টুন ও প্ল্যাকার্ডের ছড়াছড়ি।
শহরের রাস্তায় বের হলেই শুধু চোখে পড়ে রাজনৈতিক দলেরসহ বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের বড় বড় ব্যানার, পোষ্টার, বিজ্ঞাপন। রাস্তার পাশের স্থাপনাগুলোর দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, পিলারের সর্বত্র পোষ্টার, ব্যানার ইত্যাদির ছড়াছড়ি। এছাড়া রয়েছে বিদ্যুতের তার, ইন্টারনেটের তার, ডিশ লাইনের তার। আর এ যেন পুরো শহরকে মাকড়শার জালের মতো জড়িয়ে রেখেছে। যার ফলে রীতিমতো এক ধরনের আতঙ্ক নিয়েই বাস করতে হয়। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে বিভিন্ন তারগুলো। বৈদ্যুতিক তারগুলো কোনো একটি কর্ডের ভেতর থাকে না। তাই সব সময়ই মনে হয়, যেকোনো সময়ই একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। পরিবেশ রক্ষা ও পর্যটন উভয় ক্ষেত্রেই আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। যা কখনোই আমাদের দেশের জন্য ইতিবাচক নয়।
নির্বাচন থাকুক বা না থাকুক সারা বছর ধরে বৈদ্যুতিক খুঁটি, গাছ ও দেয়ালে ঝুলতে থাকে এসব পোষ্টার, ব্যানার, প্ল্যাকার্ড। নেতাদের ছবি যুক্ত করে এগুলো তৈরি করা হয়। জাতীয় নেতা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতারা এ ধরনের পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছাপিয়ে এভাবেই জনগণের সামনে জাহির করছে। এছাড়া রয়েছে বিদ্যালয়, কলেজ, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা বিজ্ঞাপন। আর তা দৃশ্যমান থাকে জনবহুল স্থানগুলোতে। এতে ব্যাপকভাবে দৃশ্য দূষণ হচ্ছে এবং যা সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি করে।
আমাদের চারপাশে ঘিরে থাকা সামাজিক ও প্রাকৃতিক সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আজ আমরা সবদিক দিয়েই দূষণের শিকার। দৃশ্য দূষণ প্রতিরোধ অবৈধ দেয়াল লিখন, পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে অভিযান জোরদার করতে হবে। যথাযথ উদ্যোগ নিয়ে দূষণের প্রভাব থেকে আমাদের দেশ ও জাতিকে রক্ষার উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার কনর্জাভেন্সী ইন্সপেক্টর কবির হোছাইন বলেন, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নির্দেশে অতিসত্বর সড়কের উপর যত্রতত্র ব্যানার ও পোষ্টার উচ্ছেদ করা হবে।



