সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় মৃত ও প্রবাসীসহ ১৯ ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে নকল বাদী সেজে ভূমিদস্যু সিন্ডিকেটের যোগসাজশে বিএস সংশোধনী মামলা প্রত্যাহারের ঘটনায় আদালত আজিজুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করেছেন। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে সাতকানিয়ার সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক শরিফুল হকের আদালতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্যান্য অভিযুক্তরা পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত আজিজ উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ডেলিপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
আদালতে দায়েরকৃত অপর মামলার আর্জি থেকে জানা যায়, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা নুরুল আমিন নামের এক ব্যক্তিসহ ১৯ ব্যক্তির ২০১৭ সালে তাদের জায়গার ভুল বিএস সংশোধনের জন্য সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালতের একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি ২০২১ সালে সাতকানিয়ার সিনিয়র সহকারি জজ আদালতে বদলি করা হয়। মামলাটি পরিচালনা করেন সাতকানিয়া সিনিয়র সহকারী জর্জ আদালতে আইনজীবী এড.সুজন পালিত। পরে মামলাটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে (এলএসটি) তালিকাভুক্ত হয়। বিষয়টি আদালতে ২০২৪ সালের ৩০ জানুয়ারী ৩০ ধারার জন্য তদবিরের দিন ধার্য্য ছিল।
গত ৩১ জানুয়ারী বাদী পক্ষের আইনজীবীর অজান্তে ৫ নং বাদী মো. বেলালসহ অপরাপর বাদীগণের স্বাক্ষর জালিয়াতি করে প্রতারকচক্র মামলাটি প্রত্যাহার করে নেন। পরে মামলার মূল বাদীগণ বিষয়টি জেনে ১১ মার্চ পূর্বের তারিখের আদেশ রহিত করে পূর্বের মামলার নম্বর বহালের আবেদন করেন। এর প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আদালত মূলবাদী ও বিবাদী উভয় পক্ষের উপস্থিতিতে আজ ২৫ এপ্রিল শুনানির দিন ধার্য্য করে আদালত। এর প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক শরিফুল হকের আদালতে আজিজের কাছ থেকে জবানবন্দি গ্রহণ করেন বিচারক। পরে আদালত জবানবন্দি গ্রহণ শেষে আজিজকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
বাদী পক্ষের অপর আইনজীবী ও সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.মেজবাহ উদ্দিন কচির বলেন, একটি জালিয়াত চক্র রহিম বকসু ও মোজাফ্ফর আহমদ নামে দু’জন মৃত ব্যক্তি এবং মো. ইসমাইল নামে একজন প্রবাসী সহ ১৯ জনের স্বাক্ষর জাল করে মো. বেলাল নামে আসল বাদীকে ভুয়া বাদী সাজিয়ে বিএস সংশোধন মামলা আমার অজান্তে প্রত্যাহার করে নেন। এঘটনায় আদালত আজ (বৃহস্পতিবার) আজিজুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করে।




