অপরাধী চক্র ও গ্যাংস্টারদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় পড়েছে ভারতের চলচ্চিত্র শিল্প বলিউড। সম্প্রতি প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন এবং সাইফ আলী খানকে সরাসরি হুমকি দেওয়ার খবর প্রকাশ পেয়েছে। এর কিছুদিন আগেই অভিনেতা টাইগার শ্রফের ওপর জনসমক্ষে গুলি চালানোর মতো মারাত্মক ঘটনা ঘটে। তারকাদের ওপর এমন ধারাবাহিক প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন শিল্পীদের সুরক্ষায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের জরুরি হস্তক্ষেপ চেয়েছে।
সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে উদ্দেশ্য করে লিখিত একটি আবেদন পাঠিয়েছেন। ওই চিঠির একটি অনুলিপি মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে সাইফ আলী খানসহ যেসব চিত্রতারকা বর্তমানে গ্যাংস্টারদের নিশানায় রয়েছেন, তাঁদের সকলের জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করার জোরালো দাবি জানানো হয়।
সিনে শ্রমিক সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, বিগত কয়েক সপ্তাহে একের পর এক অভিনেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি এই গ্যাংস্টার দলগুলোর কাছে অন্তত ২০০ জন সশস্ত্র শুটার প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই আশঙ্কাজনক পরিস্থিতির দ্রত নিরসন না হলে ভারতে চলচ্চিত্র নির্মাণের সব কার্যক্রম স্থগিত হয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হতে পারে।
চিঠিতে সিনে অ্যাসোসিয়েশন উল্লেখ করেছে, এমন অচলাবস্থা বহাল থাকলে বলিউডের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে করে চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মেকআপ ও সেটকর্মী, প্রযুক্তিবিদ, সাধারণ শ্রমিক এবং অভিনয়শিল্পীর জীবিকা হুমকির মুখে পড়বে। এর ফলে চলচ্চিত্র প্রযোজকেরা যেমন মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন, তেমনই বন্ধ হয়ে যাবে শুটিং।
সংগঠনটি আরও মনে করিয়ে দেয় যে, ভারতীয় জাতীয় রাজস্বে বলিউডের বিশাল অঙ্কের অর্থনৈতিক অবদান রয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে এই বিনোদন শিল্প দেশের পরিচিতি বৃদ্ধি করে। প্রতিনিয়ত ঘটতে থাকা এসব অপরাধমূলক ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। যেহেতু তারকারা সবসময় সাধারণ মানুষের নজরদারিতে থাকেন এবং তাঁদের সহজে লক্ষ্যবস্তু বানানো যায়, তাই নিজেদের প্রভাব জাহির করা কিংবা মোটা অঙ্কের চাঁদাবাজির উদ্দেশ্যেই গ্যাংস্টাররা তাঁদের ওপর এভাবে হামলা ও হুমকি চালিয়ে যাচ্ছে।




