ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে জারি করা এক নোটিশে জানানো হয়েছে, ৩০ নভেম্বরের পর এই কেন্দ্রগুলোতে আর কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না। ফলে ১ ডিসেম্বর থেকে এই দুটি কেন্দ্রে ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে।
জানা গেছে, বাংলাদেশ সরকার ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে ভিসা আউটসোর্সিংয়ের যে চুক্তি করেছিল, তা ৩০ নভেম্বর শেষ হচ্ছে। সরকার এই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় ১৭ নভেম্বর বাংলাদেশ উপ-হাইকমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে অনির্দিষ্টকালের জন্য কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
ভিসা আবেদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হবে কি না বা কবে নাগাদ নতুন কেন্দ্র চালু হবে, সে বিষয়ে উপ-হাইকমিশনের নোটিশে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে নতুন ভিসা আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে ভারতসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।




