সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে নিচে পড়ে নাঈম (২১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রাম সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নাঈম নাটোর জেলার নলডাঙ্গা থানার বট্রপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাকিয়াম গ্রামের পাশে সৌরবিদ্যুৎ প্রকল্পের একটি বিদ্যুতের খুঁটিতে তার টানানোর কাজ করছিলেন নাঈম। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এই বিষয়ে স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




