জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিং ব্র্যাকেটে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এর আগে ২০২৪ সালের সংস্করণে দেশটির অবস্থান ছিল ১০০তম।
চলতি বছর বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট গ্রুপে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সূচকটির দু’টি গুরুত্বপূর্ণ উপাদানেও বাংলাদেশ সর্বোচ্চ নম্বর পেয়েছে। এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) কর্তৃক প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ শীর্ষক দ্বিবার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়া।
ইজিডিআই মূলত নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং অগ্রগতির একটি যৌথ পরিমাপ। এটি অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স—এই তিনটি মাত্রার নরম্যালাইজড স্কোরের একটি ভারযুক্ত গড়।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী গড় ইজিডিআই ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ দাঁড়িয়েছে। সেই তুলনায় বাংলাদেশের ০.৬৮৯৩ স্কোর বৈশ্বিক গড়ের চেয়েও বেশি। এছাড়া মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি।




