প্রদীপ দাশ, কক্সবাজার( সদর) প্রতিনিধি: ইফতারের সময় ব্যাটারির পানি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চারজন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ ) ইফতারের সময় উখিয়া রত্নাপালং ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ, মোঃ নাজমুল হোসেন।
আহতরা হলেন-রত্নাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গয়াল মারা এলাকার নাজিম হোসেনের ছেলে, নুরুল হাকিম( ১৮) ,একই এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে, নুরুল বসর (৩২), মৃত সোনা মিয়ার ছেলে, আব্দুল কাদের (৩৮), ও ইমাম শরিফের ছেলে, ইসাক আহমদ (৬২)।
আহতদের বরাত দিয়ে কক্সবাজার হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোঃ নাজমুল হোসেন বলেন, ইফতারের সময় গয়াল মারা বাজারের একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে রাখা ব্যাটারির পানি পান করে বসেন। অন্য দু’জন সেই পানি ব্যাটারির পানি কিনা যাচাই করতে আরো দু’জন পান করেন। তখন চারজন অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। বাকিরা তাদের দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় ।এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
তিনি আরো জানান, রাত আটটার দিকে তাদের এ হাসপাতালে আনা হয়। দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। ভুলবশত তারা ব্যাটারির পানি পান করেন বলে জানান আহতরা।




