ইউরোপের দুটি দেশ থেকে অনিয়মিত হিসেবে শনাক্ত হওয়া আরও ৪৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা এই ৪৪ জনের মধ্যে ৪০ জন এসেছে গ্রিস থেকে এবং বাকি চারজন সাইপ্রাস থেকে।
বিমানবন্দরে অবতরণের পর ফেরত আসা ব্যক্তিদে জরুরি খাদ্য, মানসিক পরামর্শ ও নিজ নিজ এলাকায় পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম সিভিল এভিয়েশন সিকিউরিটি এবং প্রবাসী কল্যাণ ডেস্কের যৌথ সহযোগিতায় এসব সুবিধা প্রদান করে। ওই সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের মাধ্যমে এ সহায়তা নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান। তিনি জানান, ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিক সহায়তার পাশাপাশি পরবর্তীতে কাউন্সেলিং ও প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
সাম্প্রতিক অবৈধ অভিবাসনের বিপজ্জনক প্রবণতা উল্লেখ করে শরিফুল হাসান জানান, এতদিন লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অবৈধ প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা তালিকায় শীর্ষে ছিলেন। তবে চলতি বছরের তথ্যানুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে পৌঁছানোর ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে উঠে এসেছেন। এভাবে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রায়ই প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। ইউরোপে পৌঁছাতে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে ফিরতে হচ্ছে অনেককে। এমনকি ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বাংলাদেশ থেকে অবৈধ পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করতেন।
তিনি আরও উল্লেখ করেন, অবৈধ অভিবাসন রুখতে ইউরোপীয় দেশগুলো কঠোর অবস্থান নিচ্ছে। নতুন অভিবাসন নীতির কারণে অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং অনেকের আশ্রয়ের আবেদনও অনাগ্রহের সাথে প্রত্যাখ্যান করা হচ্ছে। তাই ‘যেকোনো উপায়ে ইউরোপে পাড়ি দিলেই ভাগ্যের পরিবর্তন হবে’—এমন ভুল ধারণা থেকে সরে আসার আহ্বান জানান তিনি। তিনি প্রবাসপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে উপযুক্ত দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার অনুরোধ করেন।
উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলো থেকে নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরাতে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) চুক্তি সই করে বাংলাদেশ সরকার। এই চুক্তির অধীন এ পর্যন্ত প্রায় ৫ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন, যাঁদের বড় অংশ এসেছে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে। গত কয়েক বছরের তথ্যানুযায়ী সবচেয়ে বেশি বাংলাদেশি ফিরেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। এর আগে গত ২৩ অক্টোবরও ইতালি ও গ্রিস থেকে বিশেষ ফ্লাইটে ৩৫ জন বাংলাদেশি দেশে ফেরত এসেছিলেন। অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করতে ব্র্যাক সারা দেশে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে ইউরোপের কয়েকটি দেশ বৈধ উপায়ে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে।




