নিজস্ব প্রতিবেদক: জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকান্ড অনুসরণ করে এলাকার উন্নয়নে সামনের পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ লোহাগাড়া সাতকানিয়ার সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোতালেব এমপি। আজ সোমবার(১৫ জানুয়ারী)দুপুরে লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মোতালেব সিআইপি এসব কথা বলেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভায় যোগদান করেন তিনি। নির্বাচনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোট গ্রহনের জন্য লোহাগাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, নির্বাচনকালীন মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নে আসুন আমরা সবাই মিলে কাজ করি। অপপ্রচার হচ্ছে নানাভাবে। এসবে কান না দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।
লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান সভাপতিত্ব করেন।
মাসিক এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আব্দুল মোতালেব এমপি আরো বলেন, তিনি মানুষের কল্যাণে কাজ করার জন্য সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন। অন্যায়ভাবে কোন কিছু করার জন্য নয়। এলাকার যেকোন অপরাধ কর্মকান্ড দৃঢ়ভাবে প্রতিরোধ করার জন্য প্রশাসনসহ জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন। এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, চাষাবাদের জমি থেকে মাটি কাটা ও পাহাড় কাটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না বলে উল্লেখ করেন। লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনের যানজটের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, অচিরেই যানজট নিরসনে সংশ্লিষ্টদের কাজ করার জন্য আহ্বান জানান।
লোহাগাড়া উপজেলা সদরের ব্যস্ততম বানিজ্যকেন্দ্র বটতলী শহর উন্নয়ন কমিটির নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়নের জন্য নির্দেশ দেন। নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের নিয়েই কাজ করতে হবে। এছাড়াও এলাকার স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে যথাযথভাবে কাজ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা আশা করেন।




