মিজবাউল হক, চকরিয়া: চকরিয়া উপজেলার বদরখালীতে দিনে দুপুরে প্যারাবনের জায়গা দখলে নিয়ে বাইন ও কেওড়া গাছ কেটে চিংড়ি ঘের তৈরির মহোৎসবে মেতেছে স্থানীয় একটি চক্র। গত শনিবার সকালে বদরখালী ফেরিঘাট লাগোয়া এনজিও উবিনীগ সৃজিত প্যারাবনে ঘটেছে এ ঘটনা। এ অবস্থায় ঘটনাটি জানতে পেরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জড়িতদের ধাওয়া করে প্যারাবন নিধন ও জায়গা জবরদখল চেষ্টা রুখে দিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার উপকূলে অবস্থিত বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির প্রতিষ্টাকালীন ২৬২ শেয়ারের অনুকুলে ইতোপূর্বে সমিতি ৯টি মৎস্য প্লটের জায়গা বরাদ্দ দিয়েছেন। ইতোমধ্যে ৮টি প্লটের জায়গা শেয়ারের অংশিদাররা বুঝেও নিয়েছেন। অবশিষ্ট একটি প্লটের জায়গা স্থানীয় ছনুয়াপাড়া ৬ নম্বর লটারীঘোনার ২৭ জন অংশিদারের নামে বরাদ্দ দেওয়া হয় বদরখালী ফেরীঘাট এলাকায় সৃজিত প্যারাবনের নিকটে।
এলাকাবাসী জানান, শনিবার সকালে বদরখালী ছনুযাপাড়া ৬ নম্বর লটারীঘোনার সভাপতি আমির হোসেন ও সম্পাদক জাফর উল্লাহর নেতৃত্বে অংশিদাররা উপস্থিত থেকে ৫০-৬০ জন শ্রমিক লাগিয়ে দিয়ে প্যারাবনের সৃজিত কমপক্ষে ৪০ থেকে ৫০টি বাইন ও কেওড়া গাছ কেটে জায়গা দখলে নিতে চেষ্টা চালায়।
এসময় বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম জানতে পেরে তাৎক্ষণিক দখল চেষ্টা বন্ধে ব্যবস্থা নিতে বদরখালী ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সহকারী কমিশনার (ভুমিকে) ঘটনাস্থলে পাঠান।
বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জড়িতদের ধাওয়া করে প্যারাবন নিধন ও জবরদখল চেষ্টা রুখে দিয়েছি। এরপর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান ও চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ)। তাঁরা এসময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্যারাবন নিধন ও জবরদখল চেষ্টায় কারা জড়িত সনাক্ত করেছেন।
ইউপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, আমি চকরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে জবরদখল চেষ্টা থামিয়ে দিয়েছি। অথচ কতিপয় মহল উল্টো এ ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যাচার ছড়িয়ে প্রকৃত ঘটনা আড়াল করার অপচেষ্টা চালিয়েছে। এতে বদরখালীর জনগণের মাঝে চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন হয়েছে।




