নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ঘটতে না পারে সে ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায়। সভায় সিদ্ধান্ত নেয়া হয় অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের জোর তৎপরতার জন্য।
২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. শাহজাহান, জনপ্রতিনিধি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সংশ্লিষ্ট সদস্যবৃন্দ। সভায় জোর দিয়ে বলা হয়, এলাকার অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। বিশেষ করে নির্বাচনবিরোধী যেকোন ষড়যন্ত্রের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
লোহাগাড়া বটতলীতে সিসি ক্যামেরা স্থাপন : উপজেলা সদরের ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র বটতলী মোটর ষ্টেশনে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতে। সব ধরনের অপরাধীদের চিহ্নিত করার জন্য লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উদ্বোধন করেছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। উপজেলা পরিষদের বরাদ্দে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়।




