সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, বৃক্ষ মানুষের জীবনও জীবিকার সঙ্গে জড়িত। বৃক্ষের ছায়াতলে গড়ে উঠেছে মানব সভ্যতা। বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। পৃথিবী থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন দিয়েই বৃক্ষ আমাদের বাঁচিয়ে রেখেছেন। বৃক্ষ মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ নিতান্ত বাস্তব প্রয়োজনে বৃক্ষ রোপনের গুরুত্ব রয়েছে।
তিনি আজ (বুধবার) দুপুরে সাতকানিয়ার ঐতিহ্যবাহী ঢেমশা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ইউএনওর মিল্টন বিশ্বাস আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভা বর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে আমরা তাপমাত্রা বৃদ্ধিসহ নানা দুর্যোগের মুখোমুখি হই। প্রতিটি দেশের আয়তন অনুযায়ী শতকারা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন হলেও আমাদের দেশে তা নেই। তাই একটি বড় বৃক্ষ কাটলে অন্তত ১০টি গাছের চারা রোপন করতে হবে। তা আমরা বেমালুম ভুলে গেলে চলবে না। এর চর্চা সবাইকে প্রতিনিয়ত চলমান রাখতে হবে।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপন শ্রী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়–য়া, ম্যানেজিং কমিটির সদস্য কাজল মজুমদার, মিন্টু সেন, রাজিব পালিত, সিনিয়র শিক্ষক বোধি রতন বড়ুয়া, উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুল ইসলাম চৌধুরী ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী সিদরাতুল মুনতাহা।
অনুষ্ঠান শেষে ইউএনও বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।




