বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে দুই এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সমর্থকদের নিয়ে বের হন। একই সময় উত্তর দিক থেকে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির কর্মী সমর্থকরা এলে উভয় পক্ষ মুখোমুখি হয়। তখন দুই পক্ষের সমর্থকরাই জোরে শ্লোগান দিতে থাকে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর ও পৌরসভার মেয়র এসএম তোফাইল হোছাইন কর্মী সমর্থকদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। দুই পক্ষই দুদিক থেকে ধুলা বালি মারতে থাকে। এক পর্যায়ে শুরু হয় ইট পাকটেল নিক্ষেপ। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। তারা সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্মী সমর্থকদের নিয়ে দলীয় অফিসে অবস্থান করেন। অপরদিকে আওয়ামী লীগ অফিসের সামনে লক্ষ্মী প্লাজার তৃতীয় তলায় মুজিবুর রহমান সিআইপির কর্মী সমর্থকরা অবস্থান করেন। ইট পাটকেলের আঘাতে মহাজন পাড়া এলাকার নেপাল দাশের পুত্র রনি দাশ (২৯) এবং দক্ষিণ জলদী এলাকার আবুল কাসেমের জসীম উদ্দিন (৩২) আহত হয়। তাদের বাঁশখালী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ বলেন, কোনো অবস্থায় এলাকার আইনশৃঙ্খলা অবনতি হতে দেওয়া যাবে না। প্রশাসন সাধারণ জনগণের স্বার্থে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।




