দি ক্রাইম ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু আর নেই। তাঁর মৃত্যুতে জাতি এক মহান সন্তানকে হারালো।” তিনি পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের এককালীন সাংগঠনিক সম্পাদক, পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, স্বাধীন বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রথম সভাপতি, ইউনাইটেড পিপলস পার্টির অন্যতম সম্পাদক এবং নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ছিলেন আতিকুর রহমান সালু।
মৃত্যুতে এক শোকবার্তায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার উপরোক্ত মন্তব্য করেন।
উল্লেখ্য আতিকুর রহমান সালু আজ বিকেলে নিউইয়র্কে চিকিৎসা চলাকালে মৃত্যুবরণ করেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।
মোস্তফা জামাল হায়দার মরহুম সালুর দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন, বাষট্টির শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, উনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক ফারাক্কা কমিটি গঠন করেন যা পদ্মা নদীসহ অন্যান্য নদীর পানির সুষম বন্টনে ভারতের বিরুদ্ধে দেশে বিদেশে ব্যাপক জনমত সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
মোস্তফা জামাল হায়দার মরহুম আতিকুর রহমান সালুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।




