চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় আব্দুস সোবহান (৩০) নামে এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা নুর ইসলামের ছেলে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক নুরুল আলম আশিক জানান, পূর্বশত্রুতার জেরে আব্দুস সোবহানকে তার নিজ বাড়ির পাশেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ভাষ্যমতে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও এসআরবি যৌথ অভিযান পরিচালনা করে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




