নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর গ্রামের এক বসতঘরে ডাকাতির সংবাদ পাওয়া গেছে। গত ২৩ জানুয়ারি রবিবার রাত সাড়ে ৭ টায় এ ডাকাতি সংঘটিত হয়েছে পূর্বে লোহাগাড়া এলাকায় আব্দুল জব্বার ওরফে হাজী জব্বার বসতঘরে।
ডাকাতরা বসতঘরে ঢুকে অস্ত্র উচিয়ে গৃহস্থের টাকা,স্বর্ণাংকার ও মোবাইল সেট ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
গৃহকত্রী জানান, এই সময় ঘরে কোন পুরুষ ছিল না। তিনি আরো জানান সশস্ত্র ৮/১০ জনের একদল ডাকাত অতর্কিতভাবে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা নগদ ৫ হাজার টাকা, ৬ ভরি ওজনের স্বর্ণাংকার ও ৪টি মূল্যবান মোবাইল সেট ছিনিয়ে নেয়।
বাধা দিলে ডাকাতরা ঘরে থাকা তিন মহিলাকে এলোপাতাড়ি প্রহার করে। প্রহৃতরা হল- গৃহকত্রী রহিমা আক্তার (৪৫), নাইয্যরী কন্যা ডেইজী (২০) ও গৃহকর্তার বোন তাহমিনা (১৯)। ডাকাতরা প্রায় সবায় কিশোর ও তরুণ বয়সের বলে গৃহকত্রীর দাবি।
ঘটনার পর সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার বা ডাকাতির সাথে জড়িত কারো চিহ্নিত করা সম্ভব হয়নি।



