নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত রুটে জাজিরা এয়ারওয়েজের যাত্রা শুরু হয়েছে। এটি এয়ারওয়েজটির ৪৬তম ডেসটিনেশন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাজিরা এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) মি. এন্ডু, ভাইস প্রেসিডেন্ট মি. রবীন্দ্রন বারাধন ও গ্ল্যাক্সি বাংলাদেশের আহমেদ ইউসুফ ওয়ালীদ।
বক্তারা বলেন, কুয়েতভিত্তিক লো-কস্ট এয়ারলাইন জাজিরা এয়ারওয়েজ ২০০৪ সালে যাত্রা শুরু করে। ২০২০ সালের অক্টোবরে ঢাকা-কুয়েত ফ্লাইট চালু করে। এ পর্যন্ত ২ লাখের বেশি বাংলাদেশি যাত্রী পরিবহন করেছে। এখন ঢাকা-কুয়েত রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে জাজিরা। কুয়েত বিমানবন্দরে জাজিরার নিজস্ব ৫টি টার্মিনাল আছে।
জাজিরা চট্টগ্রাম-কুয়েত রুটে সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালনা করবে। কুয়েতের স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করে সকাল পৌনে ৯টায় শাহ আমানতে জাজিরার এ৩২০নিউ এয়ারবাস অবতরণ করবে। পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে কুয়েতের স্থানীয় সময় দুপুর ১৩টা ৩৫ মিনিটে পৌঁছাবে। জাজিরা ফ্লাইট ১৭৪ জন যাত্রী নিয়ে আকাশে উড়বে।



