নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম ড্রাইডক লি: ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম মাকসুদ আলম এনডিসি, পিএসসি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রোববার (২৩ জানুয়ারি) সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে মেয়র বলেন, চট্টগ্রাম ড্রাইডক লি: উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১সালে উন্নত বাংলাদেশ গঠনে জাহাজ নির্মাণ শিল্প অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের হাব। এই চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ, মাতারাবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মহেশখালি গভীর সমুদ্র বন্দর, ফ্লাইওভার নির্মাণ, আইটি পার্ক স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে যা পূর্বে কোন সরকার করেনি। তাই বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি চসিক নগরীর উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, নগরীতে যান চলাচল বৃদ্ধির কারণে রাস্তা পাড়াপাড়ে নগরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও সড়ক দূঘর্টনায় নিহত ও আহতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই নগরীতে ৩৮টি স্পট চিহ্নিত করে চসিক ফুটওভার ব্রীজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মেয়রের এই বক্তব্যের আলোকে কমডোর এম মাকসুদ আলম বলেন, চট্টগ্রাম ড্রাইডক চসিকের উন্নয়ন কাজে অংশীদার হতে আগ্রহী। তিনি চসিক গৃহীত ৩৮টি ফুটওভার ব্রীজ নির্মাণে ও আর্বজনা সংরক্ষণের জন্য গ্যার্বেজ কন্টেইনার তৈরীর কথা উল্লেখ করে বলেন, বর্তমানে চট্টগ্রাম ড্রাইডক সিলেট সিটি কর্পোরেশনকে গ্যার্বেজ কন্টেইনার সরবরাহ করছে। তাই চসিক গৃহীত ফুটওভার ব্রীজ নির্মাণ ও এর সৌন্দর্য্যবর্ধনের কাজে অংশীদার হওয়ার এবং সিলেট সিটি কর্পোরেশনকে সরবরাহকৃত গ্যার্বেজ কন্টেইনারের অনুরূপ কন্টেইনার চসিককে সরবরাহের ইচ্ছা পোষণ করেন। মেয়র ড্রাইডক ব্যবস্থাপককে এই ব্যাপারে প্রতিবেদন আকারে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন।
এসময় চট্টগ্রাম ড্রাইডক লি: ক্যাপ্টেন হামিদ ও চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।



