চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের টানা আট ঘণ্টার অভিযান বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ২১ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করেন।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার বলেন, বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কিছু অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশের তরফ থেকে এসব এলাকায় অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে।
তিনি বলেন, জিআর মামলায় পরোয়ানাভুক্ত ১১, সিআর ৯ ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত ১ জনসহ পলাতক ২১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পুলিশের অভিযানে গ্রেফতার বিভিন্ন মামলার ২১ পলাতক আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে আদালত এসব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




