আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সংস্থাটির দেওয়া শর্ত ও কর্মসূচির বিভিন্ন দিক দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, এই সমন্বয় প্রক্রিয়া আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে।
রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের আমলে। বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেই শর্তগুলো রাতারাতি বাস্তবায়ন করা কঠিন, কারণ এতে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি হতে পারে এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই আইএমএফের সঙ্গে মতপার্থক্য দূর করতে দুটি কর্মদল কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় শেষে ঋণ কর্মসূচি স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া হবে।
সরকার বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে উন্নয়ন পরিকল্পনার যে সমন্বয় করেছে, আইএমএফের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করছে। সরকারের যুক্তি হলো, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। তাই দেশের অগ্রাধিকার, সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে উন্নয়ন সহযোগীদের কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।
অর্থমন্ত্রী আরও জানান, ঋণ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এমনভাবে শর্ত বাস্তবায়ন করা সরকারের লক্ষ্য, যাতে তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনগণের স্বার্থ ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক না হয়। ক্রমবর্ধমান ঋণের চাপ মোকাবেলা, ব্যয় ও ঝুঁকি হ্রাস এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস খোঁজার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।




