নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রতিপক্ষের হাতে প্রাণনাশের শঙ্কা জানিয়ে ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন মো. মোছলেম। এর তিন দিনের মাথায় গত শুক্রবার সেই প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। পরদিন শনিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছলেম। যদিও আগের সেই অভিযোগের কথা অস্বীকার করছে আড়াইহাজার থানা পুলিশ।
নিহত মোছলেমের (৬৩) স্ত্রী সাহেরা আক্তারের অভিযোগ, সেদিন অভিযোগ আমলে নিয়ে পুলিশ এলে আমি স্বামী হারাতাম না। আমার সন্তানরা বাবাহারা হতো না।
সাহেরা আক্তার দাবি করেন, অভিযোগটি তদন্তে এসআই ইমরানকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি ঘটনা তদন্তে যাননি। শুক্রবার ঘটনার সময় বারবার ফোন দেওয়া হলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত হননি।
যদিও এ অভিযোগ অস্বীকার করেন এসআই ইমরান। তিনি বলেন, তার কাছে এ ধরনের কোনো অভিযোগ দেওয়া হয়নি। ফলে এ ব্যাপারে তিনি কিছু বলতেও পারছেন না।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, গত ২১ ফেব্রুয়ারি কেউ কোনো অভিযোগ দিয়েছিল কিনা, সেটি তার জানা নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ায় সেদিন তিনি সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। মোছলেম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
থানার একটি সূত্রে জানা গেছে, মোছলেম মিয়ার লিখিত অভিযোগটি থানার রেজিস্টারে রয়েছে। এসআই ইমরানকে সেটি তদন্ত করতে দেওয়া হয়। ইমরান তদন্তে গিয়েছিলেন কিনা, সেটি ওই সূত্র নিশ্চিত করতে পারেনি।
মোছলেম তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রতিপক্ষ খারাপ প্রকৃতির লোক। আমাদের আক্রমণ করতে পারে। আমাদের মেরে ফেলতে পারে।
আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী নয়াপাড়া গ্রামে জমি নিয়ে মোছলেম মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই বাতেন গংয়ের দীর্ঘদিনের বিরোধী চলে আসছিল। গত শুক্রবার দুপুরে জমি থেকে ফেরার পথে বাতেন গংয়ের হামলায় মোছলেমসহ তার পরিবারের ১০ জন আহত হন। আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোছলেম শনিবার মারা যান।




