প্রেস বিজ্ঞপ্তি: যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্য মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান প্রমুখ।
মহিলা সমাবেশে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, স্মার্ট বাংলাদেশের ধারণা, বাল্যবিবাহের কুফল, মাদক, চোরাচালান এবং শিশু ও নারী পাচার প্রতিরোধ, গুজব, দেশবিরোধী অপপ্রচার ও সাম্প্রদায়িকতা রোধ ইত্যাদি সামাজিক ইস্যুতে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।




