রংপুর প্রতিনিধি: ২০৪১ সালের বাংলাদেশ হবে র্স্মাট বাংলাদেশ। বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ জনসংখ্যাই তরুণ। এই তরুণ প্রজন্মকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তাদেরকে র্স্মাট নাগরিক হতে হবে। এ লক্ষ্যে তরুণ প্রজন্মের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়স্থ কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গণসংযোগ এবং অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল, দরিদ্র কৃষকদের মাঝে স্প্রে-মেশিন, প্রতিবন্ধী-পঙ্গুদের মাঝে হুইল চেয়ার ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এসব কথা বলেন।
স্পীকার বলেন, সামগ্রীকভাবে পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। পীরগঞ্জের মানুষ যাতে কষ্টে না থাকে সেবিষয় টাকে মাথায় রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে। এ অঞ্চলের বিশেষ শ্রেণির মানুষের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে তারা অনুদান নির্ভর না হয়ে নিজেরাই স্বাবলম্বী হতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন যার ফলশ্রুতিতে সারা দেশের মত পীরগঞ্জ উপজেলাবাসীর এ উন্নয়ন। রুপকল্প ২০২১ এর অনেক লক্ষ্যই আমরা অনেক আগেই অর্জন করতে সক্ষম হয়েছি। দারিদ্র্য বিমোচন, স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়া, ডিজিটাল বাংলাদেশ গঠন এ সরকারের অন্যতম অর্জন।
তিনি আরও বলেন, পীরগঞ্জ উপজেলায় ইতোমধ্যে সাড়ে সাত হাজার কম্বোল বিতরণ করা হয়েছে এবং আরও ছয় হাজার কম্বলসহ পুরুষদের জন্য সোয়েটার বিতরণের কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলার সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়স্থ কাদিরাবাদ আশ্রায়ণ প্রকল্প এবং জাফরপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়াও তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ টেরাকোঠার উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।




