কুষ্টিয়া প্রতিনিধি: ভারতের সীমান্তঘেঁষা গ্রাম জামালপুর। দিনের বেলায় অন্য দু-চারটি গ্রামের মতো মনে হলেও রাতের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। রাত হলেই গ্রামের অধিকাংশ মানুষ মেতে উঠেন মাদক বেচাকেনার খেলায়। অল্প পরিশ্রমে অধিক লাভের আশায় মাদক কারবারে জড়িয়ে গেছেন অনেকেই। এসব অন্ধকার জগতে জড়িয়ে পড়াদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার। এরই মধ্যে ১৩৯ মাদকাসক্তকে ফিরিয়ে এনেছেন তিনি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সঙ্গে ভারতের সীমানা রয়েছে ৪২ কিলোমিটার। ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের সহজলভ্যতা অনেক আগে থেকে। প্রথমে মাদকের ব্যবসা করলেও পরবর্তীতে নিজেরাই আসক্ত হয়ে পড়েছেন। এতে বেড়েই চলেছে পারিবারিক কলহ, খুন, জখম, অশান্তি। বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটছে হরহামেশা। মাদকাসক্ত সন্তানের অত্যাচারের বিচার চেয়ে প্রায়ই ইউএনও-ওসির কাছে যান অভিভাবকরা।
এমন অবস্থায় ইউএনও আব্দুল জব্বার উদ্যোগে আয়োজিত মাদক প্রতিরোধে সচেতনতা সভা, বিতর্ক প্রতিযোগিতা, পথসভা, মাদকবিরোধী গানসহ নানা উদ্যোগে ব্যাপক সাফল্য এসেছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি গত কয়েক মাসে ১৩৯ জন মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, ইউএনও আব্দুল জব্বারের উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আগে যারা মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এছাড়া তারা যেন পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে না পড়েন সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।
জামালপুর গ্রামের লালু মন্ডল জানান, দীর্ঘদিন ধরে তিনি মাদকের বেচাকেনা ও সেবন করেছেন। এতে সর্বস্ব হারিয়ে আজ তিনি নিঃস্ব। মাদকের কারণে পরিবারও ছিন্নভিন্ন। দেরিতে হলেও ইউএনও আব্দুল জব্বারের সহযোগিতায় গত ৩ মাস ধরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এখন তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন।
একই কথা জানিয়েছেন বিলগাথুয়া গ্রামের ইমাজ, রাজিব, রাকিবুল। তারা জানান, নেশা তাদের অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন। নানা অপরাধে জড়িত ছিলেন। প্রশাসনের সহযোগিতায় মাদক ছাড়তে সক্ষম হয়েছেন। খারাপ কাজও ছেড়ে দিয়েছেন। এখন তারা কৃষি কাজ করে সংসার চালাচ্ছেন। অশান্তির জীবন ছেড়ে পরিবার নিয়ে কিছুটা হলেও শান্তিতে জীবন অতিবাহিত করার চেষ্টা করছেন।
ইউএনও আব্দুল জব্বার বলেন, প্রশাসনের কর্মকর্তা হওয়ার সুবাদে মাদকাসক্ত অনেক পরিবারের আকুতি দেখেছি। তাই পুলিশ-বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ১৩৯ জন মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়তা ও অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ইউনিয়নের চেয়ারম্যানদের সম্মাননা দেওয়া হয়েছে। গ্রাম পুলিশ ও অন্য কোনো ব্যক্তি মাদকের সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তাদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।




