সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় অনলাইন পত্রিকায় অসত্য সংবাদ প্রকাশ ও নামে-বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক)এ মান হানিকর বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার অভিযোগে পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেলা পরিষদ সদস্য ও ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্র্যাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিগত ১৯ জানুয়ারী সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, অনলাইন পত্রিকা চট্টগ্রাম সংবাদ এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আক্কাস উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলিম ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাকানিয়া থেকে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম চৌধুরী। অন্যদিকে, এ মামলা প্রত্যাহার ও আদালত অবমাননার দাবীতে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিক, আইনজীবী ও সাধারণ জনগণের ব্যানারে আজ (বৃহস্পতিবার) সকালে আদালতের বাইরে মানবন্ধন কর্মসূচী পালন করে।
মামলার এজাহার ও খোঁজ নিয়ে জানা যায়, বিগত ১৭ জানুয়ারী সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুগন্ধা কমিউনিটি সেন্টার এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম স্থানীয় জনতার রোষানলে পড়ে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে। ওইদিন ‘গালিগালাজ করায় সোনাকানিয়া চেয়ারম্যানকে স্থানীয়দের পিটুনি, টেবিলের নিচে লুকিয়ে আত্মরক্ষা’ শিরোনামে অনলাইন পোর্টাল চট্টগ্রাম সংবাদে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। চেয়ারম্যান উক্ত সংবাদের প্রতিবাদ জানালে অনলাইন পত্রিকাটি প্রতিবাদ লিপিটি প্রকাশিত করে। তবুও চেয়ারম্যান জসিম অসত্য ও মানহানিকর সংবাদ আখ্যা দিয়ে বিগত ১৯ জানুয়ারী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ছৈয়দ আক্কাস উদ্দিন, আবদুল আলিম ও সেলিম চৌধুরীকে আসামী করা হয়।
আসামী হিসেবে সোনাকানিয়া বিপ্লবী জনতা ও সাতকানিয়া প্রতিবাদী জনতা নামে অজ্ঞাত ফেসবুক আইডির নামও উল্লেখ করা হয় মামলায়। পরবর্তীতে চেয়ারম্যান জসিম একটি অনলাইন পোর্টালে তার সাক্ষাতকারের একটি ভিডিও প্রকাশ করেন। সাক্ষাতকারে বলতে শুনা যায়, ‘আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে মানুষ সহকারী জজ আদালতে যায় না। সকল প্রকার সালিশ বিচার ও জায়গা জমির বিচারের জন্য সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ জনগণের আস্থার ঠিকানা’।
এবক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সাতকানিয়ায় কর্মরত আইনজীবীদের দৃষ্টিগোচর হয়। এতে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এব্যাপারে সাতকানিয়া সহকারী জজ আদালতে কর্মরত এড. রাশেদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত প্রতিটি কাজ একজন ইউপি চেয়ারম্যান সম্পাদন করতে পারবেন, এটি আইন সঙ্গত। তবে ভূমি সংক্রান্ত প্রতিটি বিচারের জন্য জনগণকে অবশ্যই আদালতে আসতে হবে।এটি চেয়ারম্যান এর এখতিয়ার বহির্ভূত। চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ আদালত অবমাননার শামিল। এরই প্রেক্ষিতে উক্ত মামলা ও আদালত অবমাননার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে সাতকানিয়া সহকারী জজ আদালত সড়কে একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মেজবাহ উদ্দিন চৌধুরী (কচির) বলেন, চেয়ারম্যান জসিম একটি অনলাইন পোর্টালে যে ভিডিও বার্তা দিয়েছেন তা সম্পূর্ণ আইন বহির্ভূত। তিনি (চেয়ারম্যান) বলেছেন, কাগজপত্র দেখে দেখে জায়গা জমি পরিমাপ করে জনগণকে বুঝিয়ে দিচ্ছেন নিজেই। এটি আইন বহির্ভূত বক্তব্য। তিনি দেওয়ানী আদালতের কাজ নিজে করতে পারেন না। এক্ষেত্রে মাননীয় আদালতের প্রতি তিনি স্পষ্ট কটাক্ষ করে নিজের বড়ত্ব প্রমান করতে চেয়েছেন। এবক্তব্য প্রত্যাহার করে অচিরে আদালতের কাছে ক্ষমা না চাইলে চেয়ারম্যান এর বিরুদ্ধে আইনজীবীরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব।
এতে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সৈয়দ আক্কাস উদ্দীন বক্তব্য রাখেন।
এসময় আইনজীবী, সাধারণ জনগণ মানববন্ধনে অংশ নেন। এছাড়া লোহাগাড়া ও চন্দনাইশে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।




