আনোয়ারা প্রতিনিধি: পিএবি সড়কে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী জমির উদ্দিন মারা গেছেন। তিনি আজ শনিবার (২৮ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত জমির উদ্দিন কেইপিজেডের পোশাক কারখানার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পিএবি সড়কের উপজেলার বরুমছড়া রাস্তার মাথা এলাকায় বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী জমির উদ্দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ।নিহত জমির উদ্দিন উপজলোর তৈলারদ্বীপ উত্তর পাড়া বহদ্দারহাট বাড়ীর জেবুল হোসেনর পুত্র।
বারখাইন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে জমির উদ্দিন বাড়ি ফিরছিলেন । পিএবি সড়কে বরুমছড়া রাস্তার মাথায় পিচ্ছিল সড়কে সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লবণ বাহী গাড়ির ঝরে পড়া পানি পিচ্ছিল করে তুলছে পিএবি সড়ক। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অবশেষে পিচ্ছিল সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী জমির উদ্দিন এর। বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানায় বাদে আসর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত জমিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর তার মৃত্যু হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।




