জাহিদ হাসান, লামা প্রতিনিধি : লামা গজালিয়া রেমং মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখ টাকা মূল্যের সেগুনসহ নানান জাতের গাছ বিক্রি করে দিয়েছে খোদ প্রধান শিক্ষক নুরুল ইসলাম। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া বিদ্যালয় আঙ্গিনার গাছগুলো কাটার সময় ১৫ লাখ টাকা মূল্যের সোলার প্যানেল ভেঙ্গে যায়। এ ব্যপারে লামা উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ হয়।
অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক এসএমসি বা শিক্ষা অফিসের পূর্বানুমতি না নিয়ে ২০/২৫টি গাছ বিক্রি করে দেয়। সে বিগত তিন অর্থ বছরে স্লিপের কোনো কাজ না করে প্রায় সাত লাখ টাকা আত্মসাত করে। এর ফলে বিগত তিন বছর ধরে বিদ্যালয়ে কোন ধরনের ক্ষুদ্র মেরামত, রোটিন মেইনটেইন্সসহ স্লিপ বরাদ্দের অর্থে কোনো কাজ হয়নি। এই শিক্ষক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত থাকার কারণে, প্রভাব খাটিয়ে এলাকার কিছু সংখ্যক মানুষকে আর্থিক প্রলোভন দেখিয়ে নিজের নিয়ন্ত্রনে এনে এ সমস্ত অপকর্ম, দুর্নীতি করে চলছে।
এ বিষয়ে প্রতিবাদ করলে, সে বলে “আমাকে কিছু করতে পারবে না, কারন অফিস আমার ম্যানেজে।” অভিযোগে উল্লখ রয়েছে, এসব বিষয়ে একাধিকবার উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দিলেও এর কোনো সুরাহা হয়নি।
প্রধান শিক্ষক নুরুল ইসলামের দূর্ণীতির খতিয়ান তুলে ধরে উল্লেখ করা হয় যেমন, ২০২০ অর্থ বছরে স্লিপ বাবদ ৫০ হাজার টাকা, ক্ষুদ্র মেরামত বাবদ ১লাখ ৫০ হাজার, প্রাক প্রাথমিক বাবদ ১০ হাজার, দূর্যোগ প্রতিরোধ সরঞ্জাম বাবদ ৫০ হাজার। ২০২১ অর্থ বছরে স্লিপ বাবদ ৫০ হাজার, প্রাক প্রাথমিক বাবদ ১০ হাজার। ২০২২ অর্থ বছরে স্লিপ বাবদ ৫০ হাজার, প্রাক প্রাথমিক বাবদ ১০ হাজার, রুটিন মেইনটেইন বাবদ ৪০ হাজার, পরিস্কার পরিচ্ছন্নতা বাবদ ১২ হাজর, ক্ষুদ্র মেরামত বাবদ ২ লাখ টাকা সরকার বরাদ্দ দেয়। কিন্তু কোনো কাজ না করে প্রধান শিক্ষক সমুদয় অর্থ ভূয়া বিল ভাউচার বানিয়ে আত্মসাত করেছে।
এ ছাড়া বিদ্যালয়ে ভর্তি, সাটিফিকেট প্রদান, ইউনিক আইডি, পরীক্ষার ফি বাবদ আরো প্রায় ৭০ হাজার টাকা ও বিদ্যালয়ের জমি রেজিস্ট্রি করার নামে স্থানীয় অভিভাবকদের নিকট থেকে আদায়কৃত ১ লাখ টাকা আত্মসাত করে। এ সব ব্যপারে সাংবাদিকরা জানতে চায়লে, ওই প্রধান শিক্ষক দূর্ণীতির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সব কাজ করেছি”। তবে গাছ কর্তনের বিষয়টি স্বীকার করে বলেন, “আমি তাড়াহুড়া করে গাছ কাটিয়েছি, সে কারণে এসএমসি’র সভা আহ্বান করতে পারিনি।” তিনি এও জানান যে, এ সব বিষয়ে আমি শিক্ষা অফিসকে ম্যানেজ করেছি।
এসএমসি কমিটির সভাপতি মেনচিং মার্মা, সদস্য উথোয়াই মং মার্মা জানান, স্কুলের কোনো বিষয়ে প্রধান শিক্ষক আমাদেরকে কিছুই জানান না। তিনি সব বিষয়ে স্বেচ্ছাচারিতা করেন।
স্কুলের কাছের দোকানদার পারভীন আক্তার জানান, বিদ্যলয়ের পুরাতন বেঞ্চগুলো মেরামতের নামে অন্যত্র নিয়ে বিক্রি করে দিয়েছে প্রধান শিক্ষক।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও রান্না ঘরের ভবন দু’টিও বিক্রি করে দিয়েছে প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
জানা যায়, বিদ্যালয়টি রেজিস্ট্রেড অবস্থা থেকে এই শিক্ষক গড় হাজিরা দিয়ে চলছে। কয়েক বছর আগে এটি সরকারি হওয়ার পরও প্রধান শিক্ষক নুরুল ইসলাম পুরোনো স্বভাব পাল্টাতে পারিন। তার বাড়ি চকরিয়া উপজেলার ডুলহাজারায়। সে বিদ্যালয়ের অর্থ আত্মসাত করে বিলাশ বহুল বাড়ি ও অনেকগুলো বন বাগান ও পাহাড় ক্রয় করেছেন বলে জানান স্থানীয়রা।
এ ব্যপারে জানতে চাইলে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুল করিম জানান, উক্ত শিক্ষককে এসব কারণে শোকজ করা হয়েছে। শোকজের প্রথম জবাব সন্তুোষজনক না হওয়ায় তাকে নাইক্ষ্যংমুখ বিদ্যালয়ে বদলীর সুপারিশ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, তবে তিনি শোকজ প্রাপ্তির পর গাছের বাবদ কিছু টাকা (ছয় হাজার) ব্যাংকের মাধ্যমে জমা করেছেন।
এই অফিসার আরো জানান, বিগত ২,৩ বছর আগে ওই বিদ্যলয়টি আমার অধিনে ছিলোনা। গত সেশনের বরাদ্দের কিছু টাকার কাজ করানো হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।
দুর্ণীতি পরায়ন এই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা ও আত্মসাতকৃত সরকারি টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন; এমনটা প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

Post Views: 233




