মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৭৪ নং ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে দখলদারদের অশুভ শক্তির বিরুদ্ধে কমিটি গঠনে অহেতুক বিলম্ব না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে লিখিত অনুরোধ জানিয়েছেন ভোটে নির্বাচিত অভিভাবক সদস্যগণ।
জানা যায়, গত ০৭ নভেম্বর’ ২০২২ইং শিক্ষা কর্মকর্তা মহোদয়ের কার্যালয়ে ১১জন সদস্য নিয়ে সভাপতি ও সহ- সভাপতি নির্বাচন করার জন্য সভা ডাকেন এবং যথারীতি সভা শুরু হয়। কিন্তু প্রবাস ফেরত বর্তমানে ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীর অভিভাবক বিদ্যুৎসাহী সদস্য সালাউদ্দিন সোহেল এবং পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা ৫ম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীর অভিভাবক সদস্য নুরুল আলম সম্মানিত শিক্ষকদেরকে ভোটদানে বাধা সৃষ্টি করলে শিক্ষা কর্মকর্তা সভা মূলতবী করে ২ সপ্তাহ পরে পুনরায় নির্বাচনের সভা করার ঘোষনা দেন। এতে ম্যানেজিং কমিটি নীতিমালা ২.১ ও ২.১০ ধারা অমান্য করে যুক্তিসঙ্গত কারণ ছাড়া সমঝোতা না করলে এডহক কমিটি করার জন্য উপজেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ কারো কাম্য নয় বলে জানা যায়।
এলাকাবাসীরা জানান, অভিভাবক সদস্য হিসেবে যাদের রাখা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন বৈধ আয় বিহীন প্রতারণা ও মাদককারবারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ম্যানেজিং কমিটি না থাকলে এ.টি.ও সাহেবকে সভাপতি করে এডহক কমিটি করা হবে, যার মেয়াদ থাকবে সর্বোচ্চ ৬ মাস, যাতে শিক্ষার মান ১০০% বাধাগ্রস্থ হবে। স্থানীয় পর্যায়ে এ বিষয় সহজেই মিমাংসা না করলে স্কুলের পরিবেশ নষ্ট হবে। একশ্রেণির লোক নিজেদের রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থের চেয়ে তাদের নিজেদের স্বার্থ বেশি প্রাধান্য দেয়। ফলে শিক্ষার মান ও প্রতিষ্ঠানের কাঠামোগত ক্ষতি হয়। এ চক্রের হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য উপরোস্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তারা। এতে স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবিতে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীরা।
এ ব্যাপারে পুরুষ অভিভাবক সদস্য ইকবাল হোসেন জানান- ১১ জন সদস্যের মধ্যে কোন সদস্য যদি ভোট প্রদানে বিরত থাকতে চায় বা অনুপস্থিত থাকে এতে উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হলেও সোহেল ও নুরুল আলম তার বিরোধীতা করেন।
প্রধান শিক্ষক বিমল কান্তি চৌধুরীর কাছে জানতে চাইলেতিনি বলেন, শিক্ষক প্রতিনিধির ভোটে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় দুইজন সদস্য নির্বাচন বর্জন করেন। স্কুলের কিছু উন্নয়নমূলক কাজ আছে যেখানে প্রতি বছর সরকার কর্তৃক অর্থ বরাদ্দ হয়, সে বরাদ্দের টাকা সরকারি নিয়ম অনুযায়ী ম্যানেজিং কমিটি দ্বারা ব্যয় করতে হয়, সেক্ষেত্রে ম্যানেজিং কমিটি না থাকলে অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা হয়, তাছাড়া ক্যাচমেন্ট এলাকার সুবিধা-অসুবিধা অনেক কিছুতে দেখা-শোনার বিষয় থাকে সেক্ষেত্রে ম্যানেজিং কমিটি না থাকলে সমস্যার সৃষ্টি হয়।
তিনি আরোও জানান, কমিটিবিহীন ৫/৬ মাস পার হয়ে যাওয়ায় নতুন কমিটি করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অনুরোধ করেছেন।
উপজেলা শিক্ষা অফিসার গোলাম মাহাবুবুর রহমান জানান, যে দুইজন সদস্য নির্বাচন বর্জন করেছেন তাদের অনুপস্থিতিতে কমিটি গঠন হলে মূল কমিটির দায়িত্বে থাকবে না বলে আমরা নতুন করে এডহক কমিটি গঠনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিবেদন দাখিলের উদ্যোগ নিয়েছি।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তার জন্য ১১ জন বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (SMC) করা হয়। এ কমিটি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং, স্থানীয় পর্যায়ে সম্পদ সংগ্রহ ও সংরক্ষণ, বিদ্যালয় নির্মাণ, পুনঃনির্মাণ ও সংস্কার কাজ পরিক্ষণ সহ বিদ্যালয়ের সকল প্রকার কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকেন।কিন্তু বর্তমান সময়ে স্থানীয় অপরাজনীতীর বিকৃত কৌশল হিসেবে তুচ্ছ কারনে একশ্রেণির লোক ম্যানেজিং কমিটির নির্বাচন প্রাক্কালে ক্ষমতার অপ্রব্যবহারের আশ্রয় নেয়। যার প্রেক্ষিতে আইনি জটিলতায় বছরের পর বছর ম্যানেজিং কমিটির নির্বাচন ও কমিটি গঠন বন্ধ থাকে।




