লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মোটরসাইকেলসহ আটক হল মলমপার্টির দূর্ধর্ষ ৩ সদস্য। গত সোমবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেঁইচ্ছা জোড়া হতে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃতরা হল- পার্বত্য বান্দরবানের লামা এলাকার মো. জালাল উদ্দীনের পুত্র মো. হেলাল উদ্দীন (২২)। কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকার মো. ছমিউদ্দীনের পুত্র মো. শাকিল (১৯) ও একই উপজেলার মগনামা এলাকার এয়াকুব নবীর পুত্র আব্দুল নবী ওরফে ছোটন (১৯)। এ ব্যাপারে আটকদের আসামী করে লোহাগাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, অভিযুক্তরা ঘটনার দিন বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কেজু পাড়া হতে ঈমামুল কবির ওরফে হিরু (২২) নামে একজনের মোটর সাইকেল কক্সবাজারের পেকুয়ায় যাতায়াতের জন্য ভাড়ায় নিয়ে যায় দুপুর বেলা। মোটরসাইকেল চালক লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানের বাসিন্দা।
সন্ধ্যার পর যেখান থেকে ফিরে এসে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউয়িনের ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা নানা কৌশলে মোটর সাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। একপর্যায়ে মোটর সাইকেল চালকের মুখে চেতনানাশক পাউডার ও মরিচে গুড়া নিক্ষেপ করে। এসময় মোটরসাইকেল চালক শোরচিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
শোরচিৎকার শুনে এলাকায় টহলরত লোহাগাড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে অভিযুক্তদের আটকায়। এব্যাপারে লোহাগাড়া থানায় রুজুকৃত মামলার বাদী মোটর সাইকেল চালকের মা কামরুন্নাহার (৪১)। তিনি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ড (পশ্চিম কলাউজান) এর বাসিন্দা মো. কচিরের স্ত্রী।




