যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার একটি পরিকল্পনা নতুন করে বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রশাসনের একাংশের ধারণা, দেশটির জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নির্মূল করতে পারলে তেহরানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হবে, যা শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে ইরানকে বাধ্য করতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা ও অপর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেন, ইরানের নেতৃত্বকে যেকোনো সময় শনাক্ত করে হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে—তেহরানকে এমন বার্তা দিতে পারলে দেশটি যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে পারে। যদিও ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার বিষয়টি দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসনের বিবেচনায় ছিল, তবে যুদ্ধের পরবর্তী পর্যায় নিয়ে ট্রাম্পের পর্যালোচনার অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে এসেছে।
সম্প্রতি ইরান তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে ‘ডার্টি বোমা’ তৈরির চেষ্টা করছে—এমন খবর এবং মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সম্ভাব্য রাসায়নিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর এই আলোচনা আরও গতি পায়। গত ২০ নভেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানের নেতৃত্ব সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার বিষয়টি উল্লেখ করে বলেন, তারা ইরানে কী ঘটছে, কারা কী বলছে এবং তারা কোথায় আছে—সবই জানেন। তিনি আরও যোগ করেন, তারা সব খুঁজে বের করবেন এবং কোনোভাবেই এসব হতে দেবেন না।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রথম দিনেই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে ইরানের ক্ষমতাকাঠামোয় মোজতবার পাশাপাশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তবে এনবিসি নিউজের প্রতিবেদনে নির্দিষ্ট করে কারো নাম হামলার লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়নি।




