নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পরিচালনা করার অপরাধে দুটি ইটভাটা কর্তৃপক্ষকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায়ের পর ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সার্বিক উদ্যোগে এই অভিযান চালানো হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান অভিযান পরিচালনা করেন ও এতে নেতৃত্ব দেন। অভিযান পরিচালনাকালে মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) এবং মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ) নামের দুটি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালত মামলা দুটিতে দুই লাখ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে তা আদায় করে এবং প্রতিষ্ঠান দুটির কাজ স্থগিত রাখার নির্দেশ প্রদান করে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল। সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ রক্ষা এবং সরকারের প্রচলিত নিয়মকানুন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে।




