পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দাবি করেছেন, আওয়ামী লীগ বর্তমানে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য ধারণ করছে না, বরং এটি একটি ‘আওয়ামী সন্ত্রাসী লীগ’-এ রূপান্তরিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় নিজের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়াই এখন দলটির মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ‘জয় বাংলা’ স্লোগানটি এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে রূপ নিয়েছে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সহনশীলতা প্রদর্শন করলেও এখন সন্ত্রাসীদের মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই এবং সরকার কঠোরভাবে তাদের দমন করবে। শেখ হাসিনা নিজের দল ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিহিংসা ও আক্রোশ থেকে দলটির ভেতরে থাকা সদস্যদেরও হত্যার চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা এখন আগুন দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থল থেকে উধাও হয়ে যাচ্ছে।
দেশের বর্তমান অগ্রযাত্রা নিয়ে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার শাসনব্যবস্থা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। তবে দেশের মানুষ এসব নাশকতা আর সহ্য করবে না বলে তিনি মন্তব্য করেন। নিজের বাসার সামনে ঘটা অগ্নিকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে গেলেও তিনি সিলেটের নেতাকর্মীদের পাশে পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারবে না। তারা হয় দেশত্যাগের চেষ্টা করবে, নয়তো আইনের আওতায় আসবে। অপরাধীদের কোনো পাসপোর্ট বা আবেদনের সুযোগ নেই এবং প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে তাদের হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনা হবে। যারা দেশের মানুষ হত্যা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে আইনের দীর্ঘ হাতের নাগাল পেতে হবে। উল্লেখ্য, শুক্রবার ভোরে দাড়িয়াপাড়ায় প্রতিমন্ত্রীর বাসার গলির প্রবেশপথের গেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ভাষ্যমতে, এটি পেট্রোল বোমা বা বিস্ফোরকজাতীয় কোনো কিছু দিয়ে ঘটানো হয়নি।




