সামাজিক যোগাযোগ ও পরিচয়ের অ্যাপে যোগাযোগের সূত্র ধরে দেখা করতে গিয়ে জিম্মিদশায় পড়েছেন তৌহিদ হোসেন (ছদ্মনাম) নামের এক পেশাদার ফ্রিল্যান্সার। রাজধানীর কাফরুল এলাকায় একটি বাসায় তাঁকে চার দিন আটকে রেখে অন্তত আট লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সুসংগঠিত প্রতারক চক্র। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের একটি দল প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী তৌহিদ হোসেন স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার চালান এবং ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করেন। তাঁর মুঠোফোনে ‘কিউকে’ ও ‘হি–সে’ নামের দুটি অ্যাপে অ্যাকাউন্ট ছিল। এসব অ্যাপে আশপাশের এলাকার ব্যবহারকারীদের প্রোফাইল ও ছবি দেখে যোগাযোগের সুযোগ রয়েছে। বিশেষ করে ‘কিউকে’ অ্যাপটিতে ব্যক্তিগত বার্তা ছাড়াও ভয়েস চ্যাট ও লাইভ স্ট্রিমিংয়ের সুব্যবস্থা আছে। আগে অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে দেখা না করলেও প্রথমবার পরিচিত হয়েই তিনি এ ফাঁদে পড়েন।
তদন্তের তথ্যানুযায়ী, গত ৮ নভেম্বর অ্যাপের মাধ্যমে ‘রকি’ নামের এক ব্যক্তির সঙ্গে তৌহিদের পরিচয় হয়। পরদিন ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দেখা করার কথা বলে তাঁকে কাফরুলের শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে ডেকে নেওয়া হয়। সেখান থেকে রকি তাঁকে কাছের একটি বাসায় নিয়ে যান। ঘরে প্রবেশমাত্রই আগে থেকে ওত পেতে থাকা রকি, রনি, আসিফসহ কয়েকজন তৌহিদকে ঘিরে ধরে মারধর শুরু করেন। ওই বাসায় আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আটকে রাখার পর চক্রটির সদস্যরা তৌহিদের বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকিং অ্যাপ পরীক্ষা করে জমার পরিমাণ নিশ্চিত হয়। তাঁর একাধিক ব্যাংক হিসাবে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে জমা ছিল। ভয়ভীতি ও মারধরের মুখে পরিবারের সুরক্ষা ভেবে তিনি ব্যাংকিং ও ওয়ালেট অ্যাপের পিন নম্বর দিয়ে দিতে বাধ্য হন। এরপর প্রতারকেরা তৌহিদের বিভিন্ন ব্যাংক হিসাবের টাকা নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পাঠায় এবং এজেন্টের মাধ্যমে ছোট ছোট অঙ্কে তুলে নেয়। সব অর্থ হাতিয়ে নেওয়ার পর চক্রটি তৌহিদের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত মুক্তিপণ দাবি করে।
মুক্তিপণের ফোন পেয়ে তৌহিদের স্ত্রী তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে ১৩ নভেম্বর দুপুরে ডিবি পুলিশের টিম কাফরুলের ওই আস্তানায় অভিযান চালিয়ে তৌহিদকে উদ্ধার করে। এ সময় হাতিয়ে নেওয়া টাকার মধ্য থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। বাকি টাকা উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. আসিফ (২৭), মো. আলী (২১) ও মো. রনক হোসেন (১৮)। এর মধ্যে আলী ও রনককে ঘটনাস্থল থেকে এবং আসিফকে অন্য একটি এলাকা থেকে ধরা হয়। তবে ঘটনার মূল হোতা রকি ও রনি পালিয়ে যেতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসিফ সাভার এলাকার একজন ভবঘুরে। কাজের খোঁজে চলতি মাসের ১ তারিখে ঢাকায় এসে ৩ নভেম্বর মাদক সেবনের সময় রনির সঙ্গে পরিচিত হন এবং বেশি আয়ের লোভে এই চক্রে যোগ দেন।
ডিবি কর্মকর্তারা জানান, চক্রটি নিজেদের মধ্যে এই প্রতারণাকে ‘মুরগি ধরা’ নামে ডেকে থাকে। তারা নারী ও পুরুষ উভয় সদস্যকে দিয়ে বিভিন্ন অ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষকে নির্দিষ্ট স্থানে ডেকে আনে। এর আগে একই কৌশলে আরও চারটি ঘটনা ঘটিয়ে তারা বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অন্যান্য ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।
ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন জানান, ডেটিং অ্যাপ ব্যবহারের প্রবণতা বাড়াকে পুঁজি করে প্রতারকেরা সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে সমলিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট ব্যক্তিদের নিশানা করা হচ্ছে, কারণ সামাজিক লজ্জার ভয়ে অনেকে আইনের আশ্রয় নিতে চান না। তিনি আরও জানান, আস্তানাটিতে অভিযানের সময় মূল হোতারা অনুপস্থিত থাকলেও তাঁদের গ্রেপ্তার ও অবশিষ্ট টাকা উদ্ধারে ধারাবাহিক অভিযান চলছে।




